ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চুরি যাওয়া রবীন্দ্রনাথের নোবেল পদকের সন্ধানে র্যাব সদস্যরা সোমবার রাতে রাজধানীর একটি হস্তশিল্পের দোকানে অভিযান চালায়। সন্দেহভাজন হিসেবে দোকানটির মালিক ও দুই বিক্রয়কর্মীকে আটক করে তারা। মঙ্গলবার একটি বেসরকারি টিভি চ্যানেল এ তথ্য জানায়।
র্যাব- ৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মোহাম্মদ নূরানী একুশে টেলিভিশনকে বলেন, আমরা এখনও নিশ্চিত কোনও প্রমাণ পাইনি যে নোবেল পদকটি বাংলাদেশে রয়েছে। তবে আমাদের হাতে এমন তথ্য আছে যাতে এ বিষয়ে সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে। দোকানটির মালিক আবুল হোসেনকে সন্দেহ করে আমরা এগুচ্ছি।
র্যাবের একটি সূত্র মঙ্গলবার জানায়, দুই বিক্রয়কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানের রাতে একজন র্যাব কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম জানান, রবীন্দ্রনাথের নোবেল বাংলাদেশে রয়েছে এমন তথ্য পেয়ে অভিযানে নেমেছে র্যাব- ৩ এর সদস্যরা। সোমবার রাত ৮টার পর গুলশান ২ নম্বরে ঢাকা সিটি কর্পোরেশন মার্কেটের রোকসানা হ্যান্ডিক্রাফটস এ অভিযান চালিয়ে এর মালিক আবুল হোসেন ও দুই বিক্রয়কর্মীকে আটক করা হয়েছে।
পরে ওই রাতেই র্যাব সদস্যরা আবুল হোসেনের ২২/৩ ললিতমোহন দাস লেনের বাসাসহ আরও দু'টি বাসায় অভিযান চালায়।
আবুল হোসেনের দুই ছেলে আলী হোসেন ও শিপলুকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায় র্যাব। শিপলু কিছুদিন আগে ইতালি থেকে দেশে ফিরেছেন।
র্যাব কর্মকর্তা জানান, ছয়-সাতদিন আগে রোকসানা হ্যান্ডিক্রাফটস এর সামনে দোকান মালিকের সঙ্গে হিন্দি ভাষায় একজনকে কথা বলতে দেখা গেছে। সে সূত্র ধরে কয়েকদিন নজরদারির পর অভিযান চালানো হয়।
তিনি বলেন, "দোকান মালিককে আটক করার পর তাকে রবীন্দ্রনাথের 'জিনিসটি' কোথায় জিজ্ঞেস করতেই তিনি বলেন, পদকটি তার কাছে নেই। এ থেকে আমাদের সন্দেহ আরও দৃঢ় হয়। দোকান মালিকের দুই ছেলে পলাতক থাকায় আমাদের সন্দেহ আরও বেড়েছে।"
২০০৪ সালের ২৫ মার্চ পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের উত্তরায়ন কমপ্লেক্সের রবীন্দ্র জাদুঘর থেকে মেডেলটি চুরি যায়। একইসঙ্গে নোবেল পুরস্কারের মানপত্র, কবিগুরুর আঁকা কিছু ছবি, সোনার আংটি, সোনার পকেট ঘড়ি, তার স্ত্রী মৃণালিনী দেবীর বালুচরি শাড়ি, সোনার চুরি ও জুতাসহ আরও কয়েকটি জিনিস চুরি হয়।
১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/২৩৪০ ঘ.
bdnews24