বাগেরহাট, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরের বাসাবাটি পুলিশ ফাঁড়ির কাছে এক বাড়িতে ডাকাতির তিন ঘণ্টার মধ্যে কিছু টাকাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বপন দাস নামে এক প্রবাসীর বাড়িতে সোমবার গভীর রাতে ডাকাতরা হামলা করে নগদসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে। এর কিছু সময়ের মধ্যে ভোররাতে শহরের বাসস্ট্যান্ড থেকে পুলিশ তিন ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
ডাকাতদের হামলায় আহত গৃহকর্ত্রী ভানুমতি দাস জানান, সোমবার গভীর রাতে বাড়ির পেছনের একটি দেওয়ালে ইট খুলে পাঁচ ডাকাত ঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি ও মারধর করে ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ ১৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এদিকে, বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক মোফাজ্জেল হোসেন জানান, ডাকাতির পর বাসে করে পালানোর জন্য ডাকাতরা বাগেরহাট বাসস্ট্যাণ্ডে অপেক্ষা করছিল। তাদের মধ্যে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেঁলিগাতি গ্রামের মানিক খাঁ (৩২), ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের মো. সুমন হাওলাদার (২৫) ও পিরোজপুর সদরের শেখপাড়া এলাকার ইকবাল তালুকদারকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
মোফাজ্জেল হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা ডাকাতির কথা স্বীকার করার পাশাপাশি চার সহযোগীর নাম বলেছে। তাদের বাড়ি বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও খুলনা জেলায়।
ডাকাতির ঘটনায় ভানুমতি দাস মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৪০ ঘ.
bdnews24