ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেফট্রিয়াক্সন ইনজেকশনের নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে ওষুধ শিল্প সমিতির মন্তব্যের প্রতিবাদ করেছেন ঢাকার বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের ১০৮ জন চিকিৎসক।
মঙ্গলবার এক বিবৃতিতে উল্লিখিত চিকিৎসকরা বলেন, "এ বিষয়ে ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে বিভিন্ন পত্রিকায় যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তাতে অশোভন ও অসন্মানজনক মন্তব্য করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসক ও গবেষকদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হয়েছে তা দেশের চিকিৎসাবিজ্ঞানের সর্বোচ্চ বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য মানহানিকর।"
বিবৃতিতে চিকিৎসকরা ওষুধ কোম্পানির মালিকদের সংগঠনের পক্ষ থেকে প্রচারিত বিজ্ঞাপনটিকে 'অশালীন' আখ্যায়িত করে আরও বলেন, চিকিৎসক হিসাবে এটি তাদেরকে অপমানিত ও ব্যথিত করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৯৪২ঘ.
bdnews24