ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স সীমা ৬২ বছরে উন্নীত করা, অবসরে যাওয়ার সময় শতভাগ মূল বেতন দেওয়া, সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়নসহ নানা প্রস্তাবনা উঠে এসেছে সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে। প্রধান উপদেষ্টা তাৎক্ষণিক কোন আশ্বাস না দিলেও এসব বিষয়ে ইস্যুভিত্তিক পৃথক বৈঠকের নির্দেশ দেন।
বাংলাদেশের মানুষের গড় আয়ু অনেক বেড়েছে এই যুক্তিতে সংস্থাপন সচিব মো. আব্দুস সালাম খান প্রধান উপদেষ্টার কাছে চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স সীমা ৬২ বছর করার প্রস্তাব দেন। একইসঙ্গে তিনি সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়নেরও প্রস্তাব করেন।
বিগত জোট সরকারের সময় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি কর্মকর্তাদের বয়স বাড়ানো জন্য একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। তবে এর কোন অগ্রগতি হয়নি। ওই সরকারের সময়ই বিচারকদের চাকরির বয়স সীমা ৬৭ বছর অনুমোদন করা হয়।
প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, বৈঠকে মোট ১১জন সচিব বক্তব্য রেখেছেন, সেখানে সরকারি কর্র্র্মকর্তাদের অবসরে যাওয়ার সময় শতভাগ মূলবেতন দেওয়ারও প্রস্তাব এসেছে।
ফাহিম মুনেম ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আউয়ালের বরাত দিয়ে বলেন, তিনি উপদেষ্টার কাছে একটি অবমাননা সংক্রান্ত আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছেন।
হাবিবুল আউয়াল বিচার বিভাগ পৃথক্করণ সম্পর্কে বলেছেন, অবশ্যই এটি সরকারের একটি ভালো পদক্ষেপ। তবে এ থেকে কি ফল আসবে তাও খেয়াল রাখতে হবে।
অর্থ বিভাগের সচিব ড. মোহাম্মদ তারেক বলেছেন, আর্থিক এবং মনিটরিং পদক্ষেপ আরও পর্যালোচনা করে দেখা দরকার। কারণ আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, সেইসঙ্গে মূল্যস্ফীতি বাড়ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া বলেছেন, সরকারি কর্মকর্তারা দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন তদন্ত কাজে অন্তর্ভুক্ত হচ্ছে, এসব কর্মকর্তাদের তদন্ত করার জন্য সুর্নির্দিষ্ট দিক নির্দেশনা থাকা দরকার।
শিল্প সচিব মো. নূরুল আমীন বলেছেন, অভ্যন্তরীণ বিনিয়োগ যদি কমে যায়, তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। সার সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আন্তমন্ত্রণালয় সমন্বয়ের উপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশি-বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আমাদের কর্মকর্তারা বিভিন্ন বৈঠক করেন। কিন্তু এসব বিষয়ে অনেক সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ই জানে না। পররাষ্ট্র মন্ত্রণালয়কে যদি আগে থেকে অবহিত করা হয় তাহলে আমরা এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করতে পারি। এতে কূটনীতিক আচার-আচরণ রক্ষা নিশ্চিত হবে।
বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রশিদ সরকার বলেছেন, সীমিত আয়ের চাকুরেদের জন্য কোনো বিশেষ ভাতার ব্যবস্থা করা যায় কি না- সে বিষয়টি ভেবে দেখা জরুরি।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মকর্তাদের অবস্থান নিশ্চিত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
কারণ হিসেবে তিনি অতীতে যোগ্যতা থাকা সত্বেও নির্ধারিত সময়ে পদোন্নতি না পাওয়ার কথা উল্লেখ করেছেন।
যোগাযোগ সচিব ড. মুহাম্মদ মাহবুবুর রহমান সচিবালয়ে স্থানাভাবের কথা উল্লেখ করেন। এ ছাড়া ওএসডি থাকা কর্মকর্তাদের বিভিন্ন কাজে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
কৃষি সচিব মো. আব্দুল আজিজ সারা দেশে কৃষি পণ্য বিক্রির জন্য শিগগিরই ৭৬টি মার্কেট চালু হচ্ছে তা উল্লেখ করে বলেন, এসব মার্কেট থেকে কৃষকরা সরাসরি কৃষি পণ্য সংগ্রহ করতে পারবে।
সচিবদের বিভিন্ন প্রস্তাব ও সমস্যা সম্পর্কে শোনার পর প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সচিবদের তার সঙ্গে পরবর্তীতে বসার আশ্বাস দেন।
তিনি মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সফরের পর অথবা দেশের বাইরে সফর শেষে অর্জিত অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেওয়ারও নির্দেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএল/এমএ/১৬১৪ঘ.
bdnews24