শেরপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় খালাস পেয়েছেন শেরপুর-৩ (শ্রীরবদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক রুবেল। সাবেক সাংসদসহ মামলার চার আসামি খালাস পেলেও সাজা হয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হকের।
পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা ওই মামলায় শেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মঙ্গলবার রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মাহমুদুল হক রুবেল, প্রদীপ বর্মন, পরিমল বর্মন, কৃষ্ণ বর্মনকে আদালত খালাস দেয়। তবে আসামি ফজলুল হক লাভলুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১২ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর কারাভোগের নির্দেশ দেয় আদালত।
তবে আদালতের রায়ের বিরুদ্ধে মামলার বাদি ও আসামি উভয় পক্ষের আইনজীবীরাই উচ্চ আদালতে আপিল করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
সাবেক সাংসদসহ পাঁচ জনের বিরুদ্ধে চলতি বছরের ২৪ এপ্রিল মামলাটি দায়ের করেন জেলা শহরের নারায়ণপুর শিববাড়ির বাসিন্দা মো. রবিউল আলম চাঁন মিয়া।
মামলার এজাহারে বলা হয়, ২০০৪ সালের ৩ ডিসেম্বর একটি জাল দলিল তৈরি করে আসামিরা বাদির জমি দখল করতে চায়। ওই সময় বাদির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বাদিকে হত্যার হুমকি দেয় আসামিরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24