রংপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি দুর্গাপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে টহল পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কে টহল দেয়ার সময় ভোর ৪টার দিকে এক দল সন্ত্রাসী উপ-পরিদর্শক আহসান হাবীব ও কনস্টেবল বদিউজ্জামানের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা দুই পুলিশ সদস্যকে মারধর করে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে এবং একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, একটি মোবাইল ফোনসহ তাদের মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
দুই পুলিশ সদস্যকে সন্ত্রাসীরা মারধর করে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
খবর পেয়ে সকালে মিঠাপুকুর থানা থেকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুরে জেলা পুলিশ সুপার হাসিব আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রুহুল আমিন মিঠাপুকুর থানায় রয়েছেন। দুপুরে সেখান থেকে তিনি টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই ঘটনায় তছির উদ্দিন ও রায়হান নামে দুর্গাপুর এলাকার দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
ছিনতাই করা মোটর সাইকেল ও অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে রুহুল আমিন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৪ ঘ.
bdnews24