কুমিল্লা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি পুকুর থেকে এসএমজির চার হাজার ৬৮৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এদিন বিকেলে রাজাপুর গ্রামে একটি পুকুরে মাছের খাবার দিতে গিয়ে মালিক দেলোয়ার হোসেন গুলিভর্তি বাক্সগুলো দেখেন। সন্দেহজনক মনে হওয়ায় তিনি পুলিশকে খবর দেন। সন্ধ্যায় পুলিশ ১১টি বাক্স থেকে চার হাজার ৬৮৫টি গুলি উদ্ধার করে। এগুলো এখন থানা হেফাজতে আছে।
তিনি বলেন, "মুক্তিযুদ্ধের সময় এখানে সেনাক্যাম্প ছিল। এগুলো সে সময়ের হতে পারে।"
দীর্ঘদিন পানির নিচে থাকায় এসব গুলি অকেজো হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০৫৬ ঘ.
bdnews24