ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বড় মগবাজার ও মনিপুরীপাড়ায় সোমবার অভিযান চালিয়ে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জাম আটক করেছে র্যাব। রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
এরা হলেন খাজা আহম্মেদ (৩৪), রহমত আলী (৩৪) ও আরিফ (২৯)।
র্যাব-১০ এর অপারেশন কর্মকর্তা ফ্লাইট লেফটেনেন্ট মোস্তফা হুমায়ুন কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব এর একটি দল সোমবার ভোরে বড় মগবাজার ও মনিপুরী পাড়ার দুটি বাড়িতে অভিযান চালায়। র্যাব সদস্যরা প্রায় তিন কোটি টাকা দামের ভিওআপি সরঞ্জাম ও নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করেছে।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে অত্যাধুনিক ৮টি চ্যানেল ব্যাংক, ৬টি গ্যাটওয়ে, ৩২৮ পোর্ট বিশিষ্ট ভিওআইপি সরঞ্জাম এবং বিভিন্ন মোবাইল কোম্পানির ২৩১টি সিম কার্ড।
হুমায়ুন কবীর জানান, গ্রেপ্তারকৃত তিনজন স্বীকার করেছে, তারা দীর্ঘদিন থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাক্ষ ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছিলেন।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/এমএইচবি/০০০৪ ঘ.
bdnews24