২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বঙ্গবন্ধুর প্রতি চার নেতার বিশ্বাসের নজির আজ দরকার আ. লীগে'

জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাসের যে আদর্শ স্থাপন করেছিলেন বর্তমানে আওয়ামী লীগের কঠিন সময়ে নেতাকর্মীদের তেমন আস্থা ও বিশ্বাসের প্রমাণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে তাদের স্মরণ অনুষ্ঠানে। একই সঙ্গে বক্তরা যুদ্ধাপরাধীদের বিচারেরও আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 05:55 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর প্রতি বিশ্বাসের যে আদর্শ স্থাপন করেছিলেন বর্তমানে আওয়ামী লীগের কঠিন সময়ে নেতাকর্মীদের তেমন আস্থা ও বিশ্বাসের প্রমাণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে তাদের স্মরণ অনুষ্ঠানে। একই সঙ্গে বক্তরা যুদ্ধাপরাধীদের বিচারেরও আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি। জেল হত্যা দিবস উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেন প্রধান কে এম শফিউল্লাহ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর খন্দকার মোশতাক চার জাতীয় নেতাকে ক্ষমতার প্রলোভন দেখিয়ে আনুগত্য আদায়ের চেষ্টা করেন । সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান রাজি না হওয়ায় ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে তাদের নির্মমভাবে হত্যা করা হয়। চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের ছেলে, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমার পিতাসহ চার জাতীয় নেতা সেদিন বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। এমন পিতার সন্তান হিসেবে আমি গর্বিত। আজ আমাদের সামনে সেই বিশ্বাসের প্রশ্ন এসেছে। কারাবন্দি দলীয় সভানেত্রীকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থেকে বিশ্বাসের প্রমাণ দিতে হবে।" মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত তাদের বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা স্থাপন এবং আইনি লড়াইয়ের মাধ্যমে নেত্রীকে মুক্ত করে আনার প্রত্যয় ব্যক্ত করেন। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা ছাড়াও ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, জাসদ, গণফোরাম ও গণতন্ত্রী পার্টির নেতারা বক্তব্য দেন। তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে বলেন, এই বিচার সম্পন্ন হলেই বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে মানুষের মনে আস্থা সৃষ্টি হবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সরকারের উদ্দেশে বলেন, "আপনারা নির্বাচন অনুষ্ঠান করতে এলেও অন্য সবই করছেন। কেবল যুদ্ধাপরাধীদের বিচার কেন বাকি থাকবে। ৩৬ বছরের জঞ্জাল অপসারণ করতে হলে সবচেয়ে বড় জঞ্জাল যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করতে হবে।" সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "মুক্তিযুদ্ধই জাতিকে প্রকৃত ভিত্তির ওপর ঐক্যবদ্ধ করতে পারে। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।" জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, "গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে যুদ্ধাপরাধীদের কারাগারে আটকে রেখেই নির্বাচন করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/ডিডি/এমএইচবি/২৩৪৫ ঘ.