২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টাকে দ্রব্যমূল্য ও সার পরিস্থিতি সম্পর্কে জানালেন পারিষদরা

দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এবং ইউরিয়া সার পরিস্থিতির হালঅবস্থা সরজমিনে দেখে এসে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন উপদেষ্টারা। রোববার বিকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এবং ইউরিয়া সার পরিস্থিতির হালঅবস্থা সরজমিনে দেখে এসে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন উপদেষ্টারা। রোববার বিকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, "নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও সার পরিস্থিতির উপর উপদেষ্টাদের দেওয়া সরজমিন প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।" প্রেসসচিব আরও জানান, বৈঠকে অর্থ ঋণ আদালত (সংশোধন অধ্যাদেশ ২০০৭ নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ ছাড়া সরকারি নিবন্ধনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্ধারিত যোগ্যতাসংক্রান্ত পরীক্ষা ২০০৮ সালের মার্চ পর্যন্ত পেছানো হয়েছে। এ পরীক্ষা চলতি বছরের ১৮ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষার ব্যাপারে দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের স্থগিতাদেশ দেওয়ায় পরীক্ষা পেছানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নিবন্ধনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা ৪৪ হাজার। ইতিমধ্যে ২০ হাজার শিক্ষক নির্ধারিত যোগ্যতাসংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বাকি ২৪ হাজার শিক্ষকের এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। ফাহিম মুনেম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে যমুনা মাল্টিপারপাজ ব্রিজ অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করে 'যমুনা সেতু বহুমূখী কর্তৃপক্ষ' এর নাম পরিবর্তন করে "বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ" নামকরণ করা হয়েছে। প্রসঙ্গত, দ্রব্যমূল্য ও ইউরিয়া সার পরিস্থিতিসহ সরকারি কর্মকাণ্ডের বাস্তব অবস্থা দেখার জন্য গত সপ্তাহ থেকে জেলা-উপজেলায় যাওয়া শুরু করেছেন উপদেষ্টারা। গত ২৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য সরকারি ছুটির দিনে উপদেষ্টারা মাঠ পর্যায়ে সফর করবেন এবং উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে প্রধান উপদেষ্টাকে তাদের অভিজ্ঞতা জানাবেন। উপদেষ্টাদের মাঠ পর্যায়ে সফরের জন্য উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকের তারিখ শনিবারের পরিবর্তে রোববার নির্ধারণ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ইএইচবি-এএইচডি/এমএইচবি/২২৩৯ ঘ.