২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরওয়ার নিজামের বিরুদ্ধে মাদক মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত

চট্টগ্রামের আনোয়ারা থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র রোববার গ্রহণ করেছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 07:49 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র রোববার গ্রহণ করেছেন আদালত। মহানগর দায়রা জজ একেএম আনোয়ার হোসেনের আদালত রোববার অভিযোগপত্র গ্রহণ করে তা শুনানির জন্য প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। আসামি পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত অভিযোগপত্র গ্রহণ করে আগামী ৮ নভেম্বর আসামিকে আদালতে হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, বিদেশি মদ ও বিয়ার রাখার মামলার তদন্তকারী কর্মকর্তা পতেঙ্গা থানান উপ-পরিদর্শক মো. বশির সাবেক সাংসদ ও তার গাড়িচালক মামুনূর রশীদের বিরুদ্ধে গত ২২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামুনূর রশীদ বর্তমানে জামিনে আছেন বলে আইনজীবী জানান। মামলার বিবরণে জানা যায়, র‌্যাব-৭ এর একটি দল গত ২২ জুন রাতে চিটাগাং ক্লাব থেকে বের হওয়ার সময় সাবেক সাংসদের গাড়ি থেকে তিন বোতল বিদেশি মদ ও পাঁচ ক্যান বিয়ার উদ্ধার করে। অবৈধভাবে বিদেশি মদ রাখা ও বহনের অভিযোগে র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাহিদুল হক বাদি হয়ে ২৩ জুন পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। সরওয়ার জামাল নিজাম বর্তমানে চট্টগ্রাম কারাগারে আটক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৩৩৮ ঘ.