ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জয়েলিক দুদিনের এক সফরে শনিবার ঢাকায় আসছেন। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে পাকিস্তান ও ভারত সফরশেষে বিশেষ বিমানে তিনি বাংলাদেশে আসছেন।
বিশ্বব্যাংক ঢাকা অফিসের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেল ৫টায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ভারত থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। সেখানে অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম তাকে স্বাগত জানাবেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অর্থ উপদেষ্টা ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখান থেকে তিনি বিশ্বব্যাংক আবাসিক অফিস পরিদর্শনে যাবেন।
ঐ কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল ১১ টায় রবার্ট জয়েলিক রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) পরিদর্শনের জন্য সাভার যাবেন। সেখান থেকে ফিরে তিনি প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করবেন। এরপর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে র্যাডিসন হোটেলে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট । রাত ৯টায় তিনি ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
রবার্ট জয়েলিকের সঙ্গে বিশ্বব্যাংকের আরও তিন উধ্বর্তন কর্মকর্তা ঢাকায় আসছেন। তারা হলেন, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল, ওয়াশিংটনে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক দেবেন্দু কুমার এবং ওয়াশিংটনে অবস্থানরত বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বাংলাদেশের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২২৩৫ঘ.
bdnews24