২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন জেলায় বিচারকাজ শুরু করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা

আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগ আলাদা হওয়ার দিন বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিচারকাজ শুরু করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। আমাদের চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নিম্ন আদালতের বিচার বিভাগীয় ম্যজিস্ট্রেটরা বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে বিচারিক কার্যক্রম শুরু করেছেন। সকাল ১০টা থেকে চট্টগ্রাম জেলা ও মহানগরের মোট ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজে যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগ আলাদা হওয়ার দিন বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিচারকাজ শুরু করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। আমাদের চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নিম্ন আদালতের বিচার বিভাগীয় ম্যজিস্ট্রেটরা বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে বিচারিক কার্যক্রম শুরু করেছেন। সকাল ১০টা থেকে চট্টগ্রাম জেলা ও মহানগরের মোট ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজে যোগ দেন। এর আগে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মহানগর দায়রা জজ এ কে এম আনোয়ার হোসেন, জেলা দায়রা জজ মজনুল আহসান, মুখ্য বিচার বিভাগীয় হাকিম (জেলা) ইনামুল হক ভূঁইয়া, মুখ্য বিচার বিভাগীয় হাকিম (মহানগর) মোহাম্মদ রেজাউল করিম, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে বিচার বিভাগীয় হাকিম হিসেবে যোগ দেয়া অপর নয়জন হাকিম উপস্থিত ছিলেন। বিচার বিভাগ পৃথককরণের প্রক্রিয়ায় মহানগরের নিম্ন আদালতে পাঁচজন এবং জেলার নিম্ন আদালতে ছয়জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যোগ দিয়েছেন। সিলেট প্রতিনিধি জানান, বৃহস্পতিবার থেকে সিলেট সদরে তিনটি ও জকিগঞ্জে একটি বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টায় তিন নম্বর বার লাইরেব্ররি প্রাঙ্গণে পায়রা উড়িয়ে বিচার বিভাগীয় আদালতের কার্যক্রম উদ্বোধন করেন সিলেটের জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর। পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ বলেন, "সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য স্বতন্ত্র স্বাধীন বিচার ব্যবস্থা দীর্ঘ দিনের চাওয়া। আজ এর যাত্রা শুরু হয়েছে। আইন, আদালত ও আইনজীবীদের সমন্বয়ে এখন থেকে এর সুফল সাধারণ জনগণ পাবে।" অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু। জেলা ও দায়রা জজ জানান, সিলেটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মো. রফিকুল আলম, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়োগ পেয়েছেন এ কে এম মোজাম্মেল হক। জকিগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন নজমুল হক। সকাল ১০টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল আলম এজলাসে বসে কোতোয়ালি থানার জিআর ১২৭৮/২০০৭ জাল দলিল সৃষ্টি সংক্রান্ত মামলার শুনানির মাধ্যমে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করেন। তিনি জানান, ২৩২টি মামলা বৃহস্পতিবারের কার্যতালিকায় রাখা হয়েছে। বরিশাল প্রতিনিধি জানান, বিচার বিভাগ আলাদা হওয়া উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতি আলোচনার সভা করেছে। সমিতির মূল ভবনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন ইসলাম। এতে সমিতির সভাপতি দিলীপ কুমার ঘোষ সভাপতিত্ব করেন। পরে জজ কোর্ট কম্পাউন্ডে জেলা ও দায়রা জজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম উদ্বোধন করেন। একইসঙ্গে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাদেম-উল-কায়েসের আদালতে কোতয়ালি, বানারীপাড়া, গৌরনদী, আগৈলঝাড়া ও মেহেন্দিগঞ্জ থানার মামলা হস্তান্তর করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমাস হোসেন মৃধাকে বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, উজিরপুর, মুলাদী ও হিজলা থানার মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন ইসলাম দশটি থানার মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। প্রথম দিনেই জেলা প্রশাসকের কার্যালয়ের ২২ জন পেশকার এবং ২৬ জন পিয়নকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। কক্সবাজার প্রতিনিধি জানান, জেলা ও দায়রা জজ এম হাসান ইমাম বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী ভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বাধীন বিচার কার্যক্রমের উদ্বোধন করেন । অনুষ্ঠানে তিনি বিচার বিভাগ আলাদা হওয়ার দিনটিকে 'ইলেভেন ওয়ান' আখ্যায়িত করে বলেন, "৩৬ বছর ধরে পৃথক করার কাজ চললেও এর আগে কোনো সরকারই তা বাস্তবায়ন করেনি। বর্তমান সরকার এক বছরে এই কার্যক্রম শেষ করল।" জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক নির্মল কান্তি চৌধুরী, ডিজিএফআই এর কক্সবাজারের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মাওলা, সেনাবাহিনীর ১৭ ইসিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম, পুলিশ সুপার বনজ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানও বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদিউল আলম। এদিকে, জেলা জজ আদালত কর্মকর্তারা জানান, কক্সবাজারে বিচার কার্যক্রম পরিচালনার জন্য মাত্র দুজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান ও ম্যাজিস্ট্রেট এম মোর্শেদ খান। তবে জেলার চকরিয়া ও মহেশখালী উপজেলায় অস্থায়ী ভিত্তিতে উপজেলা ম্যাজিস্ট্রেট আদালত বহাল রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাই ওই দুই আদালতে বিচার করবেন। বগুড়া প্রতিনিধি জানান, বগুড়া জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাকিম মণ্ডল সকাল ১০ টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশেষ জজ আনোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মঈনুল হোসেন সেখানে উপস্থিত ছিলেন। আদালত কর্মকর্তারা জানান, বগুড়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন মো. আবু হেনা রেজাউল কামাল। এছাড়া, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে আছেন মো. সাইফুজ্জামান হিরো ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেটের দায়িত্ব পালন করছেন এ এইচ এস মাহমুদুর রহমান। জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি কার্যক্রমকে দুটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এর মধ্যে 'ক' অঞ্চলের আওতায় আছে- বগুড়া সদর, সাহজাহানপুর, শেরপুর, ধুনট, গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা। 'খ' অঞ্চলের আওতায় আছে- কাহালু, শিবগঞ্জ, দুপচাচিয়া, আদমদিঘী ও নন্দিগ্রাম উপজেলা। রংপুর প্রতিনিধি জানান, বিচারের অপেক্ষায় থাকা প্রায় ১৫ হাজার মামলার বোঝা মাথায় নিয়ে বৃহস্পতিবার সকালে রংপুরে কাজ শুরু করেছে বিচার বিভাগীয় আদালত। জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান সকাল সোয়া ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে ফিতা কাটার পর মোনাজাত শেষে বিচারকদের নিয়ে আদালত ভবনে ঢোকেন। এ সময় রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান, অতিরিক্ত চিফ জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম , জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট হাসান মাহমুদ ইসলামসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। সাড়ে ৯ টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৯৯৯ সালের জিআর ১০ নম্বর একটি মামলার শুনানি গ্রহণের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করেন । অন্যদিকে, সকালে রংপুর আইনজীবী সমিতির উদ্যেগে সমিতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির সভাপতি আবুল কাশেম অ্যাডভোকেটের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান। বরগুনা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আবদুল হান্নান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী আল মাসুদ, আবদুল হামিদ ও আয়েজ উদ্দিন এজলাসে বসে বিচার কাজ শুরু করেন। বরগুনা জেলা শহর ছাড়াও আমতলী ও পাথরঘাটায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বিচার করছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ আমাদের আনন্দ ও উৎসবের দিন।" তিনি আইনজীবীদের মাধ্যমে আর কোনো বিচারপ্রার্থীকে হয়রানি না করার প্রতিশ্রি"তি দেন। অন্যদিকে, বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি খন্দকার মাহাবুব হোসেন বলেন, বিচারকরা স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করলে বিচারপ্রার্থীরা সুফল পাবেন। নইলে সব আশা-আকাক্সক্ষা ব্যর্থ হয়ে যাবে। রাজবাড়ী প্রতিনিধি জানান, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা উপলক্ষে সকালে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার লাইব্রেরি মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ মো. বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুখ আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ রফিকুস সালেহীন ও জেলা বারের সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা। পরে জেলা ও দায়রা জজ আইনজীবীদের সঙ্গে নিয়ে জজ কোর্ট ভবনে রাজবাড়ীর দুটি বিচার বিভাগীয় আদালতের কার্যক্রম উদ্বোধন করেন। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, বিচার বিভাগ আলাদা হওয়া উপলক্ষে বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের আইনজীবীরা শোভাযাত্রা ও আলোচনা সভা করেছেন। আইনজীবী সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার, জেলা প্রশাসক সোলতান আহমদ, পুলিশ সুপার মিজানুর রহমান বক্তব্য রাখেন। আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌসের সভাপতিত্বে এ সভায় জেলার বিভিন্ন আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলা ও দায়রা জজ মো. আবু বকর সিদ্দীকী সকাল ৯টায় আইনজীবী সমিতি মিলনায়তনে ফিতা কেটে বিচার বিভাগীয় আদালতের কার্যক্রম উদ্বোধন করেন। দিনটি উপলক্ষে পরে আইনজীবী সমিতির সভাপতি মো. আলতাফ হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ও দায়রা জজ। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জি এম মীর মশিউর আলম ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। এরপর আইনজীবীরা শহরে একটি শোভাযাত্রা বের করেন। বাগেরহাট প্রতিনিধি জানান, সকাল পৌনে ১০টায় ফিতা কেটে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাশ উদ্বোধন করেন বাগেরহাট জেলা ও দায়রা জজ নূরুন্নাহার ওসমানী। উদ্বোধনী বক্তব্যে জেলা জজ বিচার বিভাগের স্বাধীনতার সুফল সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে সবার সহযোগিতা চান। অন্যদিকে, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি বিচার বিভাগ আলাদা করাকে স্বাগত জানিয়ে দুপুরে আদালত চত্ত্বর থেকে আনন্দ মিছিল করে। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলা ও দায়রা জজ মো. রুহুল আমিন খোন্দকার বৃহস্পতিবার সকোলে কালেক্টরেট ভবনের নিচতলায় ফলক উন্মোচন করে বিচার বিভাগীয় আদালতের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ শাফায়েত হোসেন, পুলিশ সুপার মাসুদ-উল-হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশেকুর রহমানসহ প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তা এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বিচারাধীন মামলার নথিপত্র জেলা জজের কাছে হস্তান্তর করেন। এর আগে আইনজীবী সমিতি শহরের একটি শোভাযাত্রা বের করে। এছাড়া, ময়মনসিংহ, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, লক্ষ্মীপুর, জামালপুর, মাদারীপুর, চাঁদপুর, জয়পুরহাট, পাবনা, নড়াইল, চুয়াডাঙ্গা, নেত্রকোনা, নওগাঁ, সাতক্ষীরা, কুমিল্লা থেকে আমাদের প্রতিনিধিরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বিচারকাজ শুরু করার খবর জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭১০ ঘ.