কিশোরগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।
পৌর এলাকায় ৮৫৬ জন তথ্য সংগ্রহকারী সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ফরম পূরণ করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, আগামী ৭ নভেম্বর পর্যন্ত পৌর এলাকায় তথ্য সংগ্রহ করা হবে। এরপর সেনাবাহিনীর সহযোগিতায় ১১ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে ভোটারদের ছবি তোলার কাজ। কিশোরগঞ্জ পৌর এলাকার পর ১৮ নভেম্বর থেকে সদর উপজেলার ১১টি ইউনিয়নে ভোটার তালিকার কাজ শুরু করবে নির্বাচন কমিশন।
এদিকে, ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র তৈরির কার্যক্রম সফল করতে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
বুধবার প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এতে জেলা প্রশাসন ও সেনা ক্যাম্পের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশ নেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪৪০ ঘ.
bdnews24