বিসমিল্লাহির রাহমানির রাহিম
মাননীয় প্রধান বিচারপতি,
সহকর্মীবৃন্দ,
সম্মানিত অতিথিগণ,
সুধীমণ্ডলী,
আসসালামু আলাইকুম,
বাংলাদেশের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিনটিতে আপনাদের সবাইকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। প্রায় দু'শ বছরের ঔপনিবেশিক শাসন ও স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার ৩৬ বছর পর, আজ হতে দেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো। এই শুভ মুহুর্তে আমি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই। দেশে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রায় আজকের গৌরবোজ্জ্বল দিনটি মাইল-ফলক হিসেবে থেকে যাবে।
আমাদের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে দেশের নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ নিশ্চিত করার কথা বলা আছে দায়িত্ব গ্রহণের পরই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই পৃথকীকরণ ত্বরান্বিত করতে কার্যক্রম শুরু করে। দায়িত্ব নেয়ার মাত্র চার-দিন পর সরকার ২০০৬ সালে জারিকৃত এতদসংক্রান্ত ৪টি অসম্পূর্ণ বিধিমালা রহিত করে ৪টি পূর্ণাঙ্গ বিধিমালা জারি করে। এরই ধারাবাহিকতায় বিগত জাতীয় সংসদে উত্থাপিত ফৌজদারী কার্যবিধি সংশোধন বিলটি সরকার পরীক্ষা নিরীক্ষা করে 'দি কোড অব ক্রিমিনাল প্রসিডিওর (এ্যামেণ্ডমেন্ট) অর্ডিন্যান্স-২০০৭' জারি করে।
একটি স্বাধীন বিচার বিভাগকে কার্যকর ও কর্মক্ষম করে তুলতে আমরা বিভিন্ন স্তরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬৫৫টি পদ এবং সহায়ক কর্মকর্তা-কর্মচারির ৩৬১৮টি পদসহ মোট ৪২৭৩টি পদ সৃজন করি। পৃথকীকরণ বাস্তবায়নের পর দেশব্যাপী ম্যজিস্ট্রেসি আদালত পরিচালনার জন্য আমরা চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকেও নিয়োগ দিয়েছি।
মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আজ পহেলা নভেম্বর ২০০৭ থেকে ফৌজদারী কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ-২০০৭ কার্যকর হওয়ার প্রেক্ষাপটে, দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এই দু'ধরনের পৃথক ম্যাজিস্ট্রেসির কার্যক্রম শুরু হলো। সমাজ, অর্থনীতি ও শাসনকাজে ন্যায়-বিচারপ্রার্থী দেশের লক্ষ-কোটি নাগরিকের জন্য আজ তাই একটি ঐতিহাসিক ও স্মরনীয় দিন। বিচার বিভাগ জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবে এবং "বিচারের বাণী বৃথা যাবে না" এই শ্লোগান সামনে রেখে সততা ও দৃঢ়তার সঙ্গে সংবিধান সমুন্নত রাখবে, এটাই আমাদের কামনা।
সুধীমণ্ডলী,
বাংলাদেশের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতা ও দায়িত্ব তিনটি পৃথক অঙ্গ তথা নির্বাহী, আইন ও বিচার বিভাগের উপর ন্যস্ত আছে। গণতন্ত্রে পূর্ণতা আনতে যুগ যুগ ধরে রাষ্ট্রে এই তিনটি অঙ্গের পৃথক অস্তিত্বকে অপরিহার্য মনে করা হয়েছে। এই ধারণাটি অষ্টাদশ শতান্দীর রাজনৈতিক দর্শন ও সংবিধান প্রণয়নকে দারুণভাবে প্রভাবিত করেছিল। ১৭৪৮ সালে ক্ষমতা পৃথকীকরণের এই তত্ত্বটি প্রণয়ন করতে দিয়ে বিখ্যাত ফরাসী আইনজ্ঞ ও রাজনৈতিক দার্শনিক ব্যারণ মন্টেস্কু প্রজা-সাধারণের মুক্তি নিশ্চিত করতে প্রতিটি রাজনৈতিক প্রতিষ্ঠানে এ সকল ক্ষমতা প্রয়োগের জন্য পৃথক অঙ্গ গঠনের কথা বলেছিলেন। ১৭৮৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নে মন্টেস্কুর এই তত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের তিনটি অঙ্গের ক্ষমতা প্রসঙ্গে বলতে গিয়ে মার্কিন সংবিধানের অন্যতম প্রণেতা প্রেসিডেন্ট জেমস ম্যাডিসন মন্তব্য করেছিলেন, "এক হাতে তিনটি ক্ষমতা রাখাই হলো স্বৈরশাসনের সংজ্ঞা"। মহান ইংরেজ ইতিহাসবিদ লর্ড এ্যাক্টনও একই বিষয়ে বলতে গিয়ে লিখেছেন, "ক্ষমতা দুর্নীতিপ্ররণ করে, আর সর্বময় ক্ষমতা করে চরম দুর্নীতিগ্রস্ত"।
এই অপরিহার্য গণতান্ত্রিক ও সাংবিধানিক রীতি বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বজনীনভাবে গৃহীত হয়েছে। বিশেষত: নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ক্ষেত্রে কথাটি প্রযোজ্য। আইনের শাসন এবং সত্যিকারের অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বিচার বিভাগ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। এটা রাষ্ট্র-গঠনের মৌলিক উপাদান হিসেবে থাকে যা সামাজিক ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠায় গৃহীত নীতিমালার ম্যাধমে একটি পরিপূর্ণ রূপ পায়। একটি শক্তিশালী বিচার ব্যবস্থার মাধ্যমেই কেবল কোনো সমাজ পরষ্পর সংযুক্ত ও সামঞ্জস্যপূর্ণ থাকে। তাই বাংলাদেশের মতো গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে বিচারকদেরকে স্বাধীনতা দেয়া হয়েছে। জনগণের মৌলিক অধিকার সুরক্ষা এবং সংবিধানের শ্রেষ্ঠত্ব সমুন্নত রাখতে বিচার বিভাগকে দেয়া হয়েছে পর্যাপ্ত ক্ষমতা।
সুধীবৃন্দ,
গণতান্ত্রিক ব্যবস্থায় শুধু নাগরিকদের ক্ষেত্রেই নয়, নাগরিক ও রাষ্ট্রের মধ্যেও আইনের প্রয়োগ ন্যায়সম্মত হতে হয়। একারণে একটি স্বাধীন ও স্বতন্ত্র বিচার বিভাগ ছাড়া আইনের শাসন সম্ভব নয়। বিচার বিভাগ যদি স্বাধীন না হয় বা নির্বাহী বিভাগের অধীনস্থ থাকে, তাহলে সুবিচারের পরিবর্তে তারা কর্তৃপক্ষকে সন্তুষ্ট রাখতেই ব্যস্ত থাকে। একারণেই যে সকল রাষ্ট্র গণতান্ত্রিক শাসন-ব্যবস্থা বেছে নিয়েছে, তাদের কাছে বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথক সত্ত্বা অতীব গুরুত্বপূর্ণ।
আমাদের সংবিধান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিকদের ইচ্ছার প্রতিফলন। এটা রাষ্ট্রের অন্যান্য অঙ্গ থেকে পৃথক বিচার ব্যবস্থার ভিত্তি সুন্দরভাবে নির্মাণ করেছে। জনগণের কাছে দক্ষতার সঙ্গে সুবিচার পৌঁছে দিতে বিচার বিভাগের স্বাধীন ও পৃথক অস্তিত্বে প্রয়োজনীয়তার কথা এতে স্বীকৃত।
সুধীমণ্ডলী,
তাই বিচার বিভাগের এই পৃথকীকরণ হয়েছে বৈশ্বিক প্রবণতা, সংবিধান ও আইনী কাঠামো এবং দেশের সর্বস্তরের জনগণের প্রত্যাশা অনুযায়ী। এটা এক অর্থে নাগরিক সমাজের শতাব্দীব্যাপী আন্দোলনের ফসল। দায়িত্ব গ্রহণের পর এই সাংবিধানিক ধারা কার্যকর করার কাজটি ছিল তাই আমাদের সামনে এক বিশাল চ্যালেঞ্জ। পরম করুনাময়ের অশেষ মেহেরবানিতে এবং সরকারের সকল পর্যায়ের সহযোগিতায় আমরা এই শতাব্দী-প্রাচীন স্বপ্ন সত্যে পরিণত করেছি।
তবে বিচার বিভাগ পৃথকীকরণের মতো কোনো বিশাল কাজের শুরুতে কিছু প্রারম্ভিক চ্যালেঞ্জ থাকাটাই স্বাভাবিক। পৃথকীকরণের এই সূচনালগ্নে তাই জনবল স্বল্পতা ও ভৌত-অবকাঠামোজনিত কিছু সমস্যা রয়েই গেছে। তবে এসকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের ব্যাপারে আমার সরকার অত্যন্ত আন্তরিক ও দৃঢ় প্রতিজ্ঞ। তাছাড়া প্রশাসনিক কার্যক্রম সুচারুরূপে সমাধা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাতে প্রয়াজনীয় আইনী ক্ষমতা ও অন্যান্য সহায়তা পায়, সেটাও সরকার নিশ্চিত করবে।
এই প্রেক্ষিতে প্রাসঙ্গিক আরেকটি বিষয়ের অবতারণা আমি করতে চাই। দেশে শুধুমাত্র আইনের শাসন নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠাও সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সুশাসন এবং জনকল্যাণমুখী কর্মক্ষম প্রশাসনের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও প্রয়োজনীয়তা রয়েছে। উদাহরণস্বরূপ, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন কারণে ভ্রাম্যমাণ আদালত স্থাপন, জমি অধিগ্রহণ, ইত্যাদি ক্ষেত্রে। বস্তুত:পক্ষে যেসব দেশে বিচার বিভাগ পৃথকীকরণ হয়েছে, সেসব দেশে আইন-নির্ভর কর্মক্ষম প্রশাসনিক ব্যবস্থা প্রচলিত আছে।
সে কারণে দেশব্যাপী প্রশাসনিক কার্যক্রম সুচারুরূপে সমাধা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাতে প্রয়োজনীয় আইনী ক্ষমতা ও সহায়তা পান, সরকার সেটাও নিশ্চিত করবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই, আমাদের পদক্ষেপসমূহ প্রশাসনের কোনো বিভাগের প্রতি অনাস্থার কারণে গৃহীত হচ্ছেনা; সকল বিভাগের কর্মকর্তাদের প্রতিই সরকারের গভীর আস্থা রয়েছে এবং তা কোথাও হ্রাস পায়নি। সরকার শুধু চায়, যার যার অবস্থানে থেকে নির্ধারিত রীতি-নীতি ও বিধি-বিধান অনুযায়ী সরকারি-কর্মকর্তা-কর্মচারিরা নিজ নিজ দায়িত্ব সূচারুরূপে পালন করবে।
পরিবর্তিত পরিস্থিতি ও প্রেক্ষপটে তাই যার যার কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা, দেশপ্রেম, ও দুরদর্শীতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি বিচার বিভাগের পাশাপাশি নির্বাহী বিভাগে কর্মরত সকল কর্মকর্তার প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। একই সঙ্গে, সংবিধানের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগের কার্যক্রমে সহায়তা প্রদান করতেও আমি প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারিকে নির্দেশ দিচ্ছি।
সুধীবৃন্দ,
বিচার বিভাগের পৃথকীকরণ নি:সন্দেহে একটি যুগোপযোগী ও আইনসিদ্ধ পদক্ষেপ। তবে এই পৃথকীকরণই কেবল ন্যায়বিচার নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। এর ফলে বিচারিক ম্যাজিস্ট্রেসিতে নি:সন্দেহে তাৎপর্যপূর্ণ সংস্কার সূচিত হবে। কিন্তু একটি ন্যায়নিষ্ঠ ও উন্নত সমাজ প্রতিষ্ঠা করতে হলে ফৌজদারি বিচার ব্যবস্থার অপর তিনটি স্তম্ভ- তথা আদালত, পুলিশ ও আইন পেশারও সংস্কারের প্রয়োজন হবে। বর্তমানে সরকারের সীমিত মেয়াদে এসকল ক্ষেত্রে সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করা হয়তো সম্ভব নয়; তবে সে-প্রক্রিয়াকে আরো এগিয়ে নেয়ার ব্যাপারে আমাদের প্রত্যয়ের কথা আমি এখানে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই। আমাদের এই সাফল্য ও সংস্কারের অব্যাহত প্রয়াসে অতীতের মতোই আমি দেশবাসীর অকুন্ঠ সমর্থন কামনা করি।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আরো অর্থবহ করতে এবং জনগণের অর্থনৈতিক মুক্তি ও ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার সুমহান লক্ষ্য অর্জনে আগামীতে আমাদের সংগ্রাম আরো বেগবান করতে হবে। ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশে গণতান্ত্রিক বিকাশ, আর্থ-সামাজিক অগ্রগতি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদেরকে অবশ্যই সফল হতে হবে।
এই সম্মিলিত প্রয়াসে মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন, এই প্রার্থনাই করি।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ
bdnews24