ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগের দীর্ঘ প্রতীক্ষিত পৃথককরণের উদ্বোধন করে একে একটি 'যুগোপযোগী ও আইনসিদ্ধ পদক্ষেপ' বলে উল্লেখ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ । তবে তিনি এও বলেছেন, শুধু এই পৃথক্করণই ন্যায়বিচার নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়।
প্রধান উপদেষ্টা বলেন, "দেশব্যাপী প্রশাসনিক কার্যক্রম সুচারুরূপে সমাধা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাতে প্রয়োজনীয় আইনী ক্ষমতা ও সহায়তা পান, সরকার সেটাও নিশ্চিত করবে।"
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগের ঐতিহাসিক পৃথক্করণের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এসব বলেন।
(আরো তথ্যসহ ৪)
বেলা ১১টা ১৪ মিনিটে ঢাকা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির দুটি ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পৃথক্করণের উদ্বোধন করেন তিনি।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষ্যে দেওয়া ভাষণের প্রথমেই দেশবাসীকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "প্রায় দু'শ বছরের ঔপনিবেশিক শাসন ও স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার ৩৬ বছর পর, আজ হতে দেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো। এই শুভ মুহূর্তে আমি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই। দেশে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রায় আজকের গৌরবোজ্জ্বল দিনটি মাইল-ফলক হিসেবে থেকে যাবে।"
আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্ষিপ্ত কিন্তু ভাবগম্ভীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিচারপতি মো. রুহুল আমিন। এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যমণ্ডলী, সাবেক উপদেষ্টা, মন্ত্রি পরিষদ সচিব, উপসচিব, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক ও বর্তমান বিচারপতি, আইনজীবী, উর্ধ্বতন সামরিক -বেসামরিক কর্মকর্তাসহ অনেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দেশের বড় বড় সকল রাজনৈতিক দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে বরাবরই বিচার বিভাগ পৃথক্করণের দাবিটি অন্তর্ভুক্ত থাকলেও ক্ষমতায় গিয়ে তারা তা অব্যাহতভাবে বিস্মৃত হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, "ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থে তারা সংবিধানের এই বিধান কার্যকর করা থেকে বার-বার বিরত থেকেছে।"
তিনি আরও বলেন, "আমি দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই, আমাদের পদক্ষেপসমূহ প্রশাসনের কোনো বিভাগের প্রতি অনাস্থার কারণে গৃহীত হচ্ছেনা; সকল বিভাগের কর্মকর্তাদের প্রতিই সরকারের গভীর আস্থা রয়েছে এবং তা কোথাও হ্রাস পায়নি।"
সংবিধানকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিকদের ইচ্ছার প্রতিফলন হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, "এটা রাষ্ট্রের অন্যান্য অঙ্গ থেকে পৃথক বিচার ব্যবস্থার ভিত্তি সুন্দরভাবে নির্মাণ করেছে। জনগণের কাছে দক্ষতার সঙ্গে সুবিচার পৌঁছে দিতে বিচার বিভাগের স্বাধীন ও পৃথক অস্তিত্বের প্রয়োজনীয়তার কথা এতে স্বীকৃত।"
তিনি বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় শুধু নাগরিকদের ক্ষেত্রেই নয়, নাগরিক ও রাষ্ট্রের মধ্যেও আইনের প্রয়োগ ন্যায়সম্মত হতে হয়। এ কারণে একটি স্বাধীন ও স্বতন্ত্র বিচার বিভাগ ছাড়া আইনের শাসন সম্ভব নয়। বিচার বিভাগ যদি স্বাধীন না হয় বা নির্বাহী বিভাগের অধীনস্ত থাকে, তাহলে সুবিচারের পরিবর্তে তারা কর্তৃপক্ষকে সন্তুষ্ট রাখতেই ব্যস্ত থাকে। এ কারণেই যে সকল রাষ্ট্র গণতান্ত্রিক শাসন-ব্যবস্থা বেছে নিয়েছে, তাদের কাছে বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথক সত্তা অতীব গুরুত্বপূর্ণ।"
তিনি সংবিধানের ২২ নং অনুচ্ছেদে দেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিশ্চিত করার কথা উল্লে
bdnews24