চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মাধ্যমে ১৭ লাখ টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রাম ওয়াসার বরখাস্তকৃত প্রধান প্রকৌশলীসহ মোট পাঁচ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে চার জন প্রকৌশলী ও এক জন ঠিকাদার।
বুধবার চট্টগ্রাম বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ও জেলা ও দায়রা জজ মজনুল আহসানের আদালতে তাদের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন হয়। আদালত আগামী ৪ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে।
অভিযুক্তরা হলেন, বরখাস্তকৃত প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ, সহকারী প্রকৌশলী এ কে এম আবদুল কুদ্দুস, উপ-বিভাগীয় প্রকৌশলী আবু তাহের এবং ঠিকাদার ফারুক আহমেদ। এদের মধ্যে প্রথম তিন জনকে বুধবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকি দুজন পলাতক রয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জহিরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার পাঁচ আসামির বিরুদ্ধেই আদালত অভিযোগ গঠন করেছে। জরুরি ক্ষমতা বিধিমালায় এ মামলার বিচার কাজ চলবে।
মামলায় মোট ১৩ জনকে সাক্ষী করা হয়েছে বলে জহিরুল হক জানান।
গত ২৬ সেপ্টেম্বর শফিকুল ইসলামসহ তিন প্রকৌশলীকে চট্টগ্রাম ওয়াসা ভবন থেকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। গত ২ অক্টোবর অভিযুক্ত চার প্রকৌশলীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
২০০০ সালে নগরীর পাঁচলাইশ বালিকা বিদ্যালয় থেকে তক্তার পুল পর্যন্ত পিভিসি পাইপ লাইন বসানোর কাজে দুর্নীতির মাধ্যমে প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৪ এর ১৭ জুন কোতোয়ালি থানায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো(পরবর্তীতে বিলুপ্ত) মামলাটি দায়ের করে। বর্তমানে দুর্নীতি দমন কমিশন মামলাটি পরিচালনা করছে।
গত ২৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬২৫ ঘ.
bdnews24