২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ অনভিপ্রেত: প্রধান উপদেষ্টা

যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বুধবার বিকালে নিজ কার্যালয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, "যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ অনভিপ্রেত। কিন্তু কে বা কারা যুদ্ধাপরাধী, তা কীভাবে নির্ণয় করা হবে। কোনো ক্ষুব্ধ ব্যক্তি যদি বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নিতে চান, তবে সে জন্য এখনো তো দরজা খোলা রয়েছে। আমি তা স্বাগত জানাবো।" জরুরি অবস্থার কারণে দেশের জনগণ পরাধীন রয়েছে- একজন সম্পাদকের এ মন্তব্যের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "জরুরি অবস্থার কারণে কিছু কিছু মৌলিক অধিকার খর্ব হয়েছে স্বীকার করছি। জরুরি অবস্থা তুলে নিতে হবে, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু জনগণ 'পরাধীন' এ বর্ণনার সঙ্গে আমি একমত নই।" আরো তথ্যসহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 12:19 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বুধবার বিকালে নিজ কার্যালয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, "যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণ সম্পূর্ণ অনভিপ্রেত। কিন্তু কে বা কারা যুদ্ধাপরাধী, তা কীভাবে নির্ণয় করা হবে। কোনো ক্ষুব্ধ ব্যক্তি যদি বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নিতে চান, তবে সে জন্য এখনো তো দরজা খোলা রয়েছে। আমি তা স্বাগত জানাবো।" জরুরি অবস্থার কারণে দেশের জনগণ পরাধীন রয়েছে- একজন সম্পাদকের এ মন্তব্যের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "জরুরি অবস্থার কারণে কিছু কিছু মৌলিক অধিকার খর্ব হয়েছে স্বীকার করছি। জরুরি অবস্থা তুলে নিতে হবে, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু জনগণ 'পরাধীন' এ বর্ণনার সঙ্গে আমি একমত নই।" প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রাথমিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ক্ষমতা গ্রহণ করলেও পরে বেশ কিছু ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। এসবের মধ্যে আছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য পূরণে আরও কিছু সংস্কার প্রয়োজন। এক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন গঠন ও তথ্যপ্রবাহের স্বাধীনতা নিশ্চিত করতে আইন প্রণয়ণের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জনসেবা ক্ষেত্রে বর্তমান সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের কথা জানাতে গিয়ে ড. ফখরুদ্দীন আহমেদ সদ্যগঠিত রেগুলেটরি রিফর্মস কমিশনের কথা উল্লেখ করেন। একইসঙ্গে তিনি বলেন, এমন কিছু প্রাচীন বিধিবিধান আছে যা যুগোপযোগী করা প্রয়োজন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, "চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজসহ বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হয়। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণ করতে পারছে না। আমরা পুরো সফল হয়েছি বলে দাবি করছি না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।" দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্বল্পমেয়াদি ব্যবস্থা গ্রহণ কঠিন বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, "পণ্য সরবরাহ বাড়ানোর জন্য কৃষিভিত্তিক উৎপাদন জোরদার করতে সরকার ব্যবস্থা নিয়েছে।" প্রধান উপদেষ্টা জানান, "২০১১ থেকে ২০১২ সালের মধ্যে দেশে বিদ্যুৎ চাহিদার প্রায় পুরোটা মেটানো যাবে। এছাড়া ২০০৮ সাল নাগাদ জাতীয় গ্রিডে আরো ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।" তিনি বলেন, "আমাদের সরকার ২০০৮ সালের মধ্যে ক্ষমতা ছেড়ে দেবে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া পদক্ষেপের কারণে এরপর নতুন সরকারকে আর সমস্যায় পড়তে হবে না।" বৈঠকে উপস্থিত একজন সম্পাদক প্রশ্ন তোলেন, "রোকন উদ দৌলা আদালতের বিরুদ্ধে কথা বলার পরেও তিনি চাকরিতে বহাল আছেন। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষকদের ক্ষমা করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।" এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "অনেকগুলো বিষয় বিশ্লেষণ করে শিক্ষকদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এই সিদ্ধান্তে ভুল ত্র"টি থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। বৈঠকে ইনডিপেনডেন্ট এর সম্পাদক মাহবুবুল আলম, জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, সংবাদ সম্পাদক বজলুর রহমান, বাংলাদেশ টুডে'র রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আমার দেশ এর আমানুল্লাহ কবীর, ডেইলি স্টার এর মাহফুজ আনাম, নিউ এজ এর নুরুল কবীর, বাসস এর প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী, ইউএনবি'র নির্বাহী সম্পাদক রওশন-উজ-জামান, এনটিভি'র আতাউস সামাদ, চ্যানেল ওয়ান এর নাজমুল আশরাফ, এটিএন বাংলা'র সাইফুল বারী, চ্যানেল আই এর শাইখ সিরাজ, জাতীয় প্রেস ক্লাব এর সভাপতি শওকত মাহমুদ, বৈশাখী টেলিভিশন এর আনিস আলমগীর, ইটিভি'র শাহ আলমগীর, ভোরের কাগজ এর শ্যামল দত্তসহ বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর মহাপরিচালকরা যোগ দেন। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলাম, তথ্য সচিব দিদারুল আনোয়ার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিআইকে/এমআই/এমএআর/এসএনডি/এমএ/২০৩৫ ঘ.