২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের পৃথক যাত্রাইতিহাসের খেরো খাতা থেকে

আগামীকাল ১ নভেম্বর। একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রইবে এই দিনটি। দিনটিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হবার এক নতুন অধ্যায় সূচিত হচ্ছে। এখন বিচার বিভাগের দীর্ঘ পথ চলায় সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। এতকাল অধীর আগ্রহে সবাই প্রতীক্ষা করেছে বিচার বিভাগের স্বাধীন যাত্রা শুরুর এই দিনটির জন্যে। অমিত তালুকদারের পর্যবেক্ষণে বিস্তারিত ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামীকাল ১ নভেম্বর। একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রইবে এই দিনটি। দিনটিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হবার এক নতুন অধ্যায় সূচিত হচ্ছে। এখন বিচার বিভাগের দীর্ঘ পথ চলায় সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। এতকাল অধীর আগ্রহে সবাই প্রতীক্ষা করেছে বিচার বিভাগের স্বাধীন যাত্রা শুরুর এই দিনটির জন্যে। অমিত তালুকদারের পর্যবেক্ষণে বিস্তারিত প্রশাসনের হস্তক্ষেপ মুক্ত স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে সুবিচার লাভের দাবি মানুষ উচ্চারণ করছে সুদীর্ঘকাল ধরে। তবে বিষয়টি নতুন গতি পায় ১৯৯৯ সালের ২ ডিসেম্বর 'মাজদার হোসেন মামলা'য় সুপ্রিম কোর্টের রায়ের পর। এরপর ২০০১ সালের ১৮ জুন আপিল বিভাগে রিভিউ আবেদন খারিজ হওয়ার পর আইনগতভাবে বিচার বিভাগ পৃথক করা সরকারের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। তবে তা নিয়েও চলে নানা গড়িমসি। অবশেষে আদালতের রায় বাস্তবায়ন ও সাংবিধানিক বাধ্যতা পূরণে সচেষ্ট হয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করার সংগ্রামের শুরু কবে তার দিন তারিখ ঠিক করে বলা কঠিন। ১৯৫৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদ বিচার বিভাগ পৃথক করার জন্য আইন পাস করেছিল। কিন্তু তা কার্যকরে গেজেট প্রকাশ করা হয়নি। ১৯৫৮ সালে আইন কমিশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সরাসরি হাইকোর্টের নিয়ন্ত্রণে আনার সুপারিশ করে। ১৯৬৭ সালে কমিশন নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের একত্র অবস্থানকে মামলা নিষ্পত্তিতে বিলম্বের প্রধান কারণ চিহ্নিত করে ১৯৫৭ সালের আইন অনুসরণ করার সুপারিশ করে। কিন্তু সেই সুপারিশগুলোও বাস্তবায়িত হয়নি। ১৯৭২ সালে প্রণীত স্বাধীন বাংলাদেশের সংবিধানে উল্লেখ করা হয় বিচার বিভাগের স্বাধীনতার কথা। সংবিধানের ২২ অনুচ্ছেদে বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করার নীতি ধারণ করা হয়। কিন্তু ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে পুনরায় নির্বাহী বিভাগের অধস্তন করা হয়। ১৯৭৬ সালে আইন কমিশন বিচার বিভাগকে তিন পর্যায়ে পৃথক করার সুপারিশ করে। ১৯৮৭ সালে ফৌজদারি কার্যবিধির সংশোধনীর একটি বিলে পৃথককরার দাবি সার্বজনীন ও চিরন্তন বলে স্বীকার করা হয়। ১৯৮৭ সালের ১ এপ্রিল থেকে বিলটি কার্যকরের কথা বলা হলেও তা আলোর মুখ দেখেনি। ১৯৯০ সালের গণ আন্দোলনে নেতৃত্বদানকারী তিন জোটের রূপরেখায় বিচার বিভাগ পৃথক করার প্রতিশ্র"তি ছিল। এ সংক্রান্ত বিলও এসেছিল পঞ্চম সংসদে। কিন্তু তা আর কোনো ইতিবাচক পরিণতি পায়নি। বিচার বিভাগ আলাদা করতে ১৯৯৬ সালে আইন সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। ওই কমিটির সুপারিশ ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি আইন কমিশন নাকচ করে দেয়। এরপর ১৯৯৭ সালের হাইকোর্টের ও ১৯৯৯ সালের সুপ্রিম কোর্টের রায়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের জন্য সরকারকে নির্দেশ দেয়া হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখার চাওয়া মানুষের দীর্ঘকালের। ১৭৪৮ সালে ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী মন্টেস্কু তার 'দি স্পিরিট অব লস' গ্রন্থে বলেন, "বিচারিক ক্ষমতা নির্বাহী ও আইনি ক্ষমতা থেকে পৃথক না হলে মানুষের কোনো স্বাধীনতা থাকতে পারে না।" কিন্তু শাসক গোষ্ঠী বিচার বিভাগ পৃথক করার কথা মুখে বললেও বিভিন্ন অজুহাতে তা বাস্তবায়ন করতে সবসময়ই পিছপা হয়েছে। ব্রিটিশ আমলে পরাধীনতার শেকলে বাঁধা এদেশের প্রান্তিক মানুষকে পৃথক করার আশা দেয়া হলেও পাকিস্তানের ঔপনিবেশিক সময় পেরিয়ে স্বাধীন বাংলাদেশেও দীর্ঘ ৩৬ বছরে নির্বাহী বিভাগ বিষয়টি নিয়ে একই ধরনের মনোভাব দেখিয়েছে। ব্রিটিশ আমল থেকে এনিয়ে সময় ক্ষেপণের কিছু পটভূমি তুলে ধরার চেষ্টা করা যায় এভাবে