২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ

নরসিংদী পুলিশের হেফাজতে রোববার এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের পরিবার অভিযোগ করেছে, পুলিশের নির্যাতনেই ওই যুবকের মৃত্যু হয়। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে নরসিংদী জেলা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 11:07 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পুলিশের হেফাজতে রোববার এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের পরিবার অভিযোগ করেছে, পুলিশের নির্যাতনেই ওই যুবকের মৃত্যু হয়। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে নরসিংদী জেলা পুলিশ। মৃতের নাম মোরশেদ রানা(২৭)। বাবার নাম সুরুজ মিয়া। বাড়ি সদর উপজেলার ডগরিয়া গ্রামে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর নরসিংদী প্রতিনিধি জানান, রোববার বিকালে শাহপ্রতাপ এলাকা থেকে মোরশেদকে পুলিশ গ্রেপ্তার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, একটি মোটর সাইকেল চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য অনুযায়ী মোটর সাইকেলটি উদ্ধারের জন্য মোরশেদকে নিয়ে থানার উপ-পরিদর্শক উপ-পরিদর্শক আকবর ও মতিয়ার রাজধানীর উদ্দেশে রওনা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর মেডিকেল প্রতিবেদক জানান, পুলিশ কর্মকর্তা আকবর ও মতিয়ার রাত ১০টার দিকে মোরশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে। পুলিশ কর্মকর্তা আকবর ও মতিয়ার জানিয়েছেন, তারা গাড়িতে চড়ে ডেমরা এলাকায় এলে হঠাৎ করেই মোরশেদ অসুস্থ হয়ে পড়ে। তখন তারা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। মোরশেদকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা আকবর ও মতিয়ার। এদিকে মোরশেদের পরিবার অভিযোগ করেছে, পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে উপস্থিত মোরশেদের ভাই ইকবাল হোসেন ও মাসুদ হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, গ্রেপ্তারের পর মোরশেদের ওপর নির্যাতন চালায় পুলিশ। আর তাতেই তার মৃত্যু হয়েছে। মোরশেদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না বলেও দাবি করেন তারা। মোরশেদের মৃত্যুকে 'হত্যাকাণ্ড' উল্লেখ করে এর বিরুদ্ধে মামলা করবেন বলেও দুই ভাই জানিয়েছেন। তারা জানান, মোরশেদের মিম ও মিতু নামে দুটি শিশুকন্যা রয়েছে। মোরশেদের মা মর্জিনা খাতুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর নরসিংদী প্রতিনিধির কাছে দাবি করেন, তার ছেলেকে পুলিশ পিটিয়ে হত্যা করেছে। তিনি এর সুষ্ঠু বিচার চান। নরসিংদীর পুলিশ সুপার শাহাবুদ্দিন খান জানান, ওই মৃত্যুর ঘটনা তদন্তে জেলার সহকারী পুলিশ সুপার হারুন-অর রশীদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে যথাশিগগির প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টূয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৫ ঘ.