২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর জামায়াত নেতা শাহজাহান চৌধুরী কারাগারে

আত্মসমর্পণের পর জামায়াত নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুর্নীতির মামলায় সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন শাহজাহান চৌধুরী। তখন বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এবং পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর্জা মো. আইয়ুব আলী তাকে কারাগারে পাঠানোর নির্দেশে দেন। একই সঙ্গে আদালত আগামী ৪ নভেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জন এবং সাংসদ কোটায় শুল্ক মুক্ত গাড়ি কেনায় অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ১ জুলাই এ মামলা দায়ের করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 08:40 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আত্মসমর্পণের পর জামায়াত নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুর্নীতির মামলায় সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন শাহজাহান চৌধুরী। তখন বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এবং পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর্জা মো. আইয়ুব আলী তাকে কারাগারে পাঠানোর নির্দেশে দেন। একই সঙ্গে আদালত আগামী ৪ নভেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জন এবং সাংসদ কোটায় শুল্ক মুক্ত গাড়ি কেনায় অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ১ জুলাই এ মামলা দায়ের করে। মামলার অপর আসামি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান এখনো পলাতক রয়েছেন। চট্টগ্রামের সাতকানিয়া থেকে নির্বাচিত সাবেক এ সাংসদ সোমবার সকাল ১১টা ৫৫ মিনিটে একটি সিএনজি অটোরিকশায় চড়ে আদালত প্রাঙ্গণে আসেন। বেলা ১২টায় বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ওই সময় আদালত এলাকায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিল। আদালত প্রাঙ্গণেও ছিল কড়া নিরাপত্তা। আদালতে শাহজাহান চৌধুরীর পক্ষের আইনজীবীরা কারাগারে তাকে ডিভিশন দেয়ার আবেদন জানালে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। আসামি পক্ষের আইনজীবী মনজুর আহমদ আনসারী সাংবাদিকদের জানান, সাবেক সাংসদ আত্মসমর্পণ করার পর তার পক্ষে চারটি আবেদন আদালতে উপস্থাপন করা হয়। এগুলো হচ্ছে, মামলার কাগজপত্র সংগ্রহের জন্য সময় প্রার্থনা, সব নথিপত্র সরবরাহ করা এবং সাবেক সাংসদ হিসেবে কারাগারে তাকে ডিভিশন দেয়া এবং সুচিকিৎসার ব্যবস্থা করা। তিনি জানান, আদালত আবেদনগুলো মঞ্জুর করে আগামী ৪ নভেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। আদালতের নির্দেশের পরও শাহজাহান চৌধুরীকে হাজির না হওয়ায় এ শুনানি এর আগে দুদফা পেছানো হয়। গত ১ জুলাই চট্টগ্রামের বন্দর থানায় দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাদি হয়ে গাড়ি ক্রয়ে দুর্নীতি এবং সম্পত্তির উৎস গোপন করার অভিযোগে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তে ওই কাজে এবি ব্যাংকের চেয়ারম্যান ও প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মোরশেদ খানের জড়িত থাকার প্রমাণ মিললে তাকেও অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করে। শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে জরুরি অবস্থা জারির পর মোট পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে সাতকানিয়া থানায় তিনটি চাঁদাবাজি মামলা ও একটি হত্যা মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৪৩৬ ঘ.