ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশে গ্যাসের মজুদ শেষ হওয়ার আগেই সরকার বিদ্যুৎ উৎপাদনে বিকল্প শক্তির সন্ধান করছে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী।
রোববার ঢাকায় পরমাণু শক্তি কেন্দ্রের মিলনায়তনে কয়লা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "দেশ থেকে গ্যাস নিঃশেষ হওয়ার আগেই সরকার বিদ্যুৎ উৎপাদনের বিকল্প শক্তির সন্ধান করছে। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিপুল পরিমাণ কয়লার পরিবেশসম্মত ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।"
রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়্
অনুষ্ঠানে বিজ্ঞান উপদেষ্টা বলেন, "দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে বিদ্যুৎ চাহিদার ক্রমবর্ধমান পরিস্থিতিতে গ্যাসের অপ্রতুলতা একটি বড় সমস্যা। এ থেকে উত্তরণের জন্য কয়লার ব্যবহার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য দেশি বিদেশি গবেষকদের এগিয়ে আসতে হবে।"
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজ্ঞান সচিব এস এম ওয়াহিদ-উজ-জামান, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বিশেষজ্ঞ ড. জ্যাসেক চারবিসিনস্কি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য ড. ফরিদউদ্দিন আহমেদ বক্তৃতা করেন।
পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনাম ও বাংলাদেশের বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/২০১৮ ঘ.
bdnews24