২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের দুর্নীতি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে

তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন রোববার নির্ধারিত দিনে আদালতে দাখিল করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 01:11 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন রোববার নির্ধারিত দিনে আদালতে দাখিল করা হয়নি। তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম এ প্রতিবেদন না দেওয়ায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের বিচারক মো. মিজানুর রহমান আগামী ২৮ নভেম্বর সেটি দাখিলের নতুন তারিখ দেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ পরিচালক জহুরুল হুদার করা এ মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে প্রায় চার কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন এবং প্রায় চার কোটি ২৩ লাখ টাকার আয় বহির্ভূত সম্পদের হিসাব গোপন করার অভিযোগ আনা হয়। এর আগে গত ১০ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে তারেক রহমান সম্পদের হিসাব বিবরণী দুর্নীতি দমন কমিশনে জমা দেন। সেখানে এক কোটি ৩৭ লাখ ১৫ হাজার টাকার হিসাব দেওয়া হয়েছিল। গত ৭ মার্চ তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসভবন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এরপর ৩০ মে দুর্নীতি দমন কমিশন তারেককে সম্পত্তির হিসাব জমা দেওয়ার নোটিশ পাঠায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএ/১৯০৫ঘ.