গাজীপুর, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টঙ্গীতে এক স্কুলছাত্রকে অপহরণের ১০ দিন পর শনিবার তার লাশ উদ্ধার করেছে র্যাব।
নিহত স্কুলছাত্র ইনজামুল হক (১৪) উত্তরার সৃষ্টি সেন্ট্রাল স্কুল ও কলেজে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ত।
র্যাব- ১১ এর সদস্যরা শনিবার সকালে টঙ্গীর আউচপাড়া মুক্তারবাড়ি সড়কের নির্মাণাধীন বাড়ির মেঝেতে বালি ও ইটচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নিহতের পারিবার ও পুলিশ জানায়, ইনজাম গত ১৭ অক্টোবর তাদের মুক্তারবাড়ি সড়কের বাসার কাছ থেকে অপহৃত হয়। এর পরদিন অপহরণকারীরা মোবাইল ফোনে ইনজামরে মা সাজেদা খানমের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে পুলিশের পরামর্শে অপহৃতের পরিবার বিভিন্ন সময়ে মোবাইল ফোনে দরকষাকষি করে মুক্তিপণের টাকা পাঁচ লাখে কমিয়ে আনে। কিন্তু অপহরণকারীরা বারবার দিনক্ষণ ও স্থান দিয়েও মুক্তিপণের টাকা নিতে আসেনি।
এদেকে, র্যাব- ১১ সদস্যরা মোবাইল ফোনের কথোপকথনের সূত্র ধরে শুক্রবার রাতে গাজীপুর সদরের বোর্ড বাজার এলাকার গিয়াস ফ্যাশনের কর্মী আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে। পরে হান্নানের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণকারী দলের আরও তিন সদস্য সুমন (১৯), কালু (২৮) ও আলমগীরকে (৩০) গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তারা বলেছেন, অপহরণের কয়েক ঘণ্টা পরই ইজামকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করা হয়।
শনিবার সকালে শত শত উৎসুক মানুষের উপস্থিতিতে ইনজামুল হকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তা গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। রোববার দোহার লক্ষ্মীপ্রসার গ্রামে ইনজামের লাশ দাফন করা হবে।
র্যাব- ১১ এর উপ-পরিচালক মেজর মাকসুদুল বারী জানান, অপহরণকারী দলের একজন পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইনজামের বাবা সফিউদ্দিন মোল্লা প্রায় ২৭ বছর ধরে লেবাননে আছেন। চার ভাই- বোনের মধ্যে ইনজাম তৃতীয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১৫৫ ঘ.
bdnews24