জয়পুরহাট, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আক্কেলপুর উপজেলার হোসেননগর গ্রামে শুক্রবার সংঘর্ষে এক জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন।
লক্ষ্মীপূজার মেলায় এক তরুণীকে উত্যক্ত করার ঘটনায় আলাদীপুর গ্রামের যুবকদের সঙ্গে ভানুকান্দা গ্রামের যুবকদের সঙ্গে ওই সংঘর্ষ হয় বলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হোসেন নগর গ্রামে লক্ষ্মীপূজাকে ঘিরে আয়োজিত মেলায় শুক্রবার সন্ধ্যায় আলাদীপুর গ্রামের এক তরুণীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে ওই গ্রামের যুবকদের সঙ্গে ভানুকান্দা গ্রামের যুবকদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সংঘর্ষে অনেকেই জড়িয়ে পড়ে।"
ওসি জানান, সংঘর্ষে গুরুতর আহত হয় ভানুকান্দা গ্রামের আনিসুর রহমান (২৭)। রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে আব্দুল মালেক নামে এক জনকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে ওসি মাহবুব জানান।
এদিকে গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে পরিত্যক্ত অবস্থায় একটি শাটার গান উদ্ধার করেছে র্যাব। শুক্রবার রাতে ওই গ্রামের আমিরুল ইসলামের বাড়ির পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে র্যাব কর্মকর্তা মেজর শাহ আলী জানান।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪২ ঘ.
bdnews24