চাঁদপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মতলব ও হাজীগঞ্জ উপজেলায় শুক্রবার ভোরে আগুনে পাঁচটি ঘর পুড়ে গেছে।
দমকল বাহিনীর চাঁদপুর (উত্তর) ইউনিটের কর্মী মো. আলাউদ্দিন জানান, ভোর ৪টার দিকে মতলবের পিরো এলাকায় মানিক চন্দ্র সরকারের ঘরে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই তা পাশের তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে আহত হন শিপু চন্দ্র সরকার(৪০) নামে এক ব্যক্তি। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানায়।
এদিকে দমকল বাহিনীর হাজীগঞ্জ ইউনিটের কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, ভোর ৬টার দিকে উপজেলার রামপুর বাজারে ডা. আবুল কাশেমের বাসায় আগুন লেগে একটি ঘর পুড়ে যায়।
গ্যাসের সিলিন্ডার থেকে ওই আগুন লাগে বলে দমকল বাহিনী জানায়। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০১ ঘ.
bdnews24