২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেহানার বিরুদ্ধে করা মামলার পুনর্তদন্ত দাবি আওয়ামী লীগের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার বিরুদ্ধে দায়ের মামলার পুনর্তদন্ত দাবি করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা ওই মামলায় আটক হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান তার গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, "শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারকে জনসম্মুখে ছোট করার জন্য ও শেখ হাসিনার মনে দুঃখ দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ রেহানার নামে অভিযোগপত্র দাখিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এ মামলার পুনর্তদন্ত দাবি করছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 02:18 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার বিরুদ্ধে দায়ের মামলার পুনর্তদন্ত দাবি করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা ওই মামলায় আটক হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান তার গুলশানের বাসভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, "শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারকে জনসম্মুখে ছোট করার জন্য ও শেখ হাসিনার মনে দুঃখ দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ রেহানার নামে অভিযোগপত্র দাখিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এ মামলার পুনর্তদন্ত দাবি করছি।" তিনি বলেন, "শেখ রেহানা জীবনে কোনো দিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হননি। এতো বড় রাজনৈতিক পরিবারের মেয়ে হয়েও তিনি রাজনীতির সঙ্গে এতোটুকুও সম্পর্ক রাখেননি। বঙ্গবন্ধুর মৃত্যুর পর লন্ডনে অতি কষ্ট করে চাকরি করে সংসার চালাচ্ছেন এবং খুব সাধারণ জীবন যাপন করছেন। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের বিষয়টি আসছে কেন।" জিল্লুর রহমান মনে করেন, সরকারি চাকরি বা রাজনীতি করলে ঘুষ গ্রহণের সুযোগ থাকে। শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করারও কোনো যুক্তিই নেই। তিনি বলেন, "বাদীও মনে হয় জীবনে শেখ রেহানাকে দেখেননি, তাকে চেনেন না। তাছাড়া এ ঘটনার সময় শেখ রেহানা লন্ডনেই ছিলেন। এতে বোঝা যায় এ মামলার তদন্ত সুষ্ঠুভাবে হয়নি। তাই আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি সত্য ও ন্যায়ের স্বার্থে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ মামলার পুনর্তদন্ত করা হোক। পুনর্তদন্ত করলে অনেক বিষয় বেরিয়ে আসতে পারে।" মামলাটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে এবং এখনও তার শুনানি হয়নি বলেও জিল্লুর রহমান জানান। ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একইসঙ্গে তার সমস্ত অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। এই মামলায় শেখ হাসিনাকে ১৬ জুলাই তার ধানমন্ডির বাসভবন সুধাসদন থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজম জে চৌধুরী ১৩ জুন গুলশান থানায় মামলাটি দায়ের করেন। ২৪ জুলাই গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ফুফাতো ভাই সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সব নেতা-কর্মীর মুক্তি দাবি করেন। তিনি বলেন, "অনেককে বিনা বিচারে দীর্ঘদিন ধরে আটক করে রাখা হয়েছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোটনসহ ছয় নেতাকে নয়মাস ধরে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনও মামলা নেই। এছাড়া শেখ হাসিনার গ্রেফতারের দিন আমাদের নয় মহিলা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ছোট ছোট বাচ্চা রয়েছে। তারা আমার কাছে এসে কান্নাকাটি করে। আমি এদের সবার মুক্তি দাবি করছি।" দেশে কোনও রাজাকার নেই জামাতের এ দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন রেখে জিল্লুর বলেন, "যদি কোনও যুদ্ধাপরাধী রাজাকার নাই থাকতো তাহলে মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হলো কীভাবে। আর দুই লাখ নারী ধর্ষিত হলো কীভাবে? আমরা যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার চাই। একই সঙ্গে তাদের যেন কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় সে দাবিও জানাই।" জিল্লুর রহমান নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করাকে স্বাগত জানিয়ে বলেন, "এর কিছু কাজ আমাদের সরকারের সময় এগিয়ে রাখা হয়েছিল।" তিনি জিনিসপত্রের দাম ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বলে জানান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দরকার হলে বিশেষ কমিটি করে করে ব্যবস্থা নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জিল্লুর রহমান। তিনি বলেন, "পেটে ভাত না থাকলে দুর্নীতি দমন আর গ্রেপ্তার কোনো কিছুরই মূল্যায়ন হবে না। সব কিছুই ব্যর্থ হয়ে যাবে।" কৃষি উৎপাদন বাড়ানোর জন্য জিল্লুর রহমান কৃষকদের পর্যাপ্ত ভর্তুকি, বীজ, কৃষি ঋণ ও সার সরবরাহের পরামর্শ দেন। তিনি বলেন, "কৃষি উৎপাদন না বাড়লে দ্রব্যমূল্য কমবে না।" সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হাসান মাহমুদ, দিপুমনি, অ্যাডভোকেট রহমত আলী প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/জিএনএ/২০০০ ঘ.