ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিন দফায় মোট ২০১ জন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন। আগামী ১ নভেম্বর থেকে তারা বিচারিক দায়িত্ব পালন করবেন। সংশোধিত ফৌজদারি কার্যবিধি কার্যকর করার মাধ্যমে ওই দিন থেকেই নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে কাজ শুরু করবে বিচার বিভাগ।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৯ অক্টোবর বিচার বিভাগে কর্মরত ১৭৯ জন কর্মকর্তাকে সরকার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেষণে থাকা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের মধ্যে আরও ২২ জনকে বিচার বিভাগে ফিরিয়ে আনা হয়।
এদের মধ্যে তিন পার্বত্য জেলায় নিয়োগ পাওয়া বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরা গত ১৬ অক্টোবর কর্মস্থলে যোগ দেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগর আদালতে নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটরা যোগ দেন গত ২২ অক্টোবর। বাকিরা বৃহস্পতিবার সারাদেশের বিভিন্ন আদালতে নিজেদের কর্মস্থলে যোগ দেন।
রেজিস্ট্রার জানান, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরা যাতে নির্ধারিত দিনে কাজ শুরু করতে পারেন সেজন্য ২২৪টি এজলাস কক্ষ প্রস্তুত রয়েছে।
এদিকে আপিল বিভাগের বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে ৭ সদস্যের বিচার বিভাগ পৃথককরণ বাস্তবায়ন পর্যবেক্ষণ কমিটি শুক্রবার খুলনা ও যশোর যাচ্ছেন। এর আগে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে কাজের অগ্রগতি ঘুরে দেখেছেন তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৮০৫ ঘ.
bdnews24