বাগেরহাট, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট- ২ (সদর-কচুয়া) আসনের সাবেক সাংসদ মো. আব্দুল হাকিম সেলিমসহ বিএনপির সাত নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজি মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
কচুয়া থানা পুলিশ বাগেরহাট আমলি আদালতে (খ অঞ্চল) বৃহস্পতিবার দুপুরে অভিযোগপত্রটি জমা দেয়। এ নিয়ে সেলিমের বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন থানায় দায়ের করা চাঁদাবাজি, ঘের ও জমি দখলের নয়টি মামলার আটটিতে অভিযোগপত্র দেওয়া হলো।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এই মামলার তদন্ত কর্মকর্তা মো. আবু বক্কর জানান, সাবেক সাংসদ সেলিমের এলাকা কচুয়ার উপজেলা স্বাস্থ্যকর্মী রাজিয়া মকবুল গত ৩ জুলাই তাকেসহ সাতজনকে আসামি করে মামলা করেন।
এজাহারে বলা হয়, কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায় সেলিমের মায়ের নামে প্রতিষ্ঠিত মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি বাদীকে একতলা দালানসহ একখণ্ড জমি দিতে বলেন। এজন্য অন্য আসামিদের মাধ্যমে চাপ দেওয়া হয়। রাজিয়া মকবুল তার সামান্য সম্পত্তি না নেওয়ার অনুরোধ জানালে বিনিময়ে সেলিম পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এরপর ২০০৬ সালের ১০ জুন বাদী সেলিমের বাগেরহাটের বাসভবনে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দেন।
এ মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, তার ভাই মিল্টন শেখ, উপজেলা যুবদল সভাপতি তৌহিদুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শংকর কুমার দাস ওরফে বাবু শংকর, অমল দাস ও আব্দুর রহমান। এদের মধ্যে সাবেক সাংসদ সেলিম ও বিএনপি নেতা শেখ নজরুল ইসলাম কারাগারে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬৪৬ ঘ.
bdnews24