ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষদের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ।
বুধবার বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান স্টেফান ফ্রয়েন বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে ইয়াজউদ্দিন আহম্মেদ তার মাধ্যমে ইইউ প্রতিনিধিদের আমন্ত্রণ জানান। তিনি আগামী সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার ভেতর অনুষ্ঠানের ব্যাপারে সরকারের আন্তরিকতার কথা আবারও ব্যক্ত করেন।
স্টেফান ফ্রয়েন এ সময় ইউরোপীয় উন্নয়ন দিবসের দ্বিতীয় পর্যায় পালন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারোসোর আমন্ত্রণপত্র রাষ্ট্রপতির হাতে তুলে দেন। আগামী ৭ নভেম্বর ৯ নভেম্বর পর্যন্ত পর্তুগালের রাজধানী লিসবনে এই অনুষ্ঠান হবে।
বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি ইউরোপের বাজারে বাংলাদেশী পণ্য রপ্তানি বাড়ানোর জন্য ইউরোপীয় কমিশনের সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাংলাদেশে ভোটার পরিচয়পত্র কার্যক্রমের অগ্রগতির প্রশংসা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/টিএইচ/এমএআর/এসএনডি/১৮২২ ঘ.
bdnews24