২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলের চা শ্রমিক পল্লীতে ডায়রিয়া পরিস্থিতির অবনতি

শ্রীমঙ্গলের চা শ্রমিক পল্লীতে ডায়রিয়া পরিস্থিতির অবনতি হয়েছে। গত দুই দিনে আরো সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এনিয়ে গত এক সপ্তাহে ওই এলাকায় ১৩ জনের মৃত্যু হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 11:49 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

মৌলভীবাজার, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলের চা শ্রমিক পল্লীতে ডায়রিয়া পরিস্থিতির অবনতি হয়েছে। গত দুই দিনে আরো সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এনিয়ে গত এক সপ্তাহে ওই এলাকায় ১৩ জনের মৃত্যু হলো। রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাখন লাল কর্মকার জানান, ডায়রিয়া আক্রান্ত হয়ে বুধবার মারা গেছে সুমন তাতি (১২), শ্রীমতি তাতি (৫০), গণ তাতি (১৬) ও সুমতী তাতি (৭০)। মঙ্গলবার মারা গেছে শয়ন তাতি (২২), দিবা বুনার্জি (৬০) ও সুবাস তাতি (২০)। রাজঘাট চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অভিনব তাতিও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যুর কথা জানান। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক নজিবুস শহীদ জানান, ডায়রিয়া আক্রান্ত হয়ে রাজঘাট চা বাগানের ২১ জন শ্রমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে। এছাড়া রাজঘাট চা বাগান চিকিৎসা কেন্দ্রে রয়েছে আরো পাঁচ জন। রাজঘাট এলাকায় চা শ্রমিকপল্লীতে রোববার থেকে তিনটি মেডিকেল টিম কাজ করছে বলে ডা. শহীদ জানান। শ্রীমঙ্গল স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক হরিপদ রায় বলেন, "এ পর্যন্ত ডায়রিয়ায় তিন জন মারা গেছেন। মঙ্গল ও বুধবার আরো চার/পাঁচ জন মারা গেছেন বলে স্থানীয় চেয়ারম্যান জানিয়েছেন। আমরা খোঁজ খবর নিচ্ছি।" এক সপ্তাহে রাজঘাট চা বাগানে সর্বমোট সাত জনের মৃত্যুর তথ্য জানিয়ে জেলা সিভিল সার্জন আফাজ উদ্দিন বলেন, "এদের মধ্যে চার জন ডায়রিয়ায়, একজন যক্ষ্মায় ও এক জন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।" মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. আলকামা সিদ্দিকী বুধবার দুপুরে ডায়রিয়া আক্রান্ত রাজঘাট চা বাগান শ্রমিকপল্লী পরিদর্শন করেন। এ সময় চা শ্রমিকরা বাগানে বিশুদ্ধ পানি সংকট ও স্বাস্থ্য সম্মত পায়খানা সমস্যার কথা তাকে জানান। তাদের আরো অভিযোগ, চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের যে আটা রেশন হিসেবে দেয় তা খুব নিুমানের। জেলা প্রশাসক মো. আলকামা সিদ্দিকী সাংবাদিকদের বলেন, "বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার না করায় এ পরিস্থিতির উদ্ভব হয়েছে। চা শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাব রয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭৪৮ ঘ.