ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গোয়েন্দা পুলিশের সদস্যরা মঙ্গলবার ঘুষ নেওয়ার সময় মোহাম্মদপুর থানার এক উপ-পরিদর্শককে গ্রেপ্তার করেছে।
একটি চাঁদাবাজি মামলার বাদির কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় আব্দুল লতীফ নামে ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে চলতি মাসে ঘুষগ্রহণ, দূর্নীতি ও অনিয়মসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশের ছয়টি থানার ছয় পুলিশ সদস্য গ্রেপ্তার এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শামীম আহম্মেদ নামে এক ব্যক্তি কিছুদিন আগে মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল লতীফ বাদি শামীম আহম্মেদের পক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য তার কাছে ৫ হাজার টাকা দাবি করেন। শামীম বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানান। মঙ্গলবার রাতে থানার সামনে ৩ হাজার টাকা নেওয়ার সময় আব্দুল লতীফকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান রাত সাড়ে ১১ টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তারা থানায় এসেছেন। অভিযুক্ত আব্দুল লতীফকে তারা জিজ্ঞাসাবাদ করছেন। এখন এর বেশি কিছু জানানো সম্ভব না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসকে/২৩৫১ঘ.
bdnews24