২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত চার

চট্টগ্রাম ও কুমিল্লায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। চট্টগ্রাম ব্যুরো জানায়, জেলার পটিয়া উপজেলার শান্তির হাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সকালে বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে জান্নাতুল ফেরদৌস পিংকী (৬) নামে এক শিশু নিহত ও চারজন আহত হয়েছে। হতাহতদের সবাই টেম্পুযাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 04:33 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও কুমিল্লায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। চট্টগ্রাম ব্যুরো জানায়, জেলার পটিয়া উপজেলার শান্তির হাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সকালে বাস-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে জান্নাতুল ফেরদৌস পিংকী (৬) নামে এক শিশু নিহত ও চারজন আহত হয়েছে। হতাহতদের সবাই টেম্পুযাত্রী। নিহত পিংকীর বাড়ি পটিয়া উপজেলার মধ্যম জিরি গ্রামে। মহাসড়ক (হাইওয়ে) পুলিশের উপ-পরিদর্শক আলী আশরাফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে শান্তির হাট এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পটিয়াগামী একটি যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিংকী মারা যায়। আহত হয় পিংকীর বাবা আবু তাহেরসহ চার টেম্পুযাত্রী। পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে। কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে বাসযাত্রী রেহেনা আক্তার (৩০) নিহত ও ১৬ জন আহত হন। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকবুল আহাম্মদ জানান, দুপুরে আমিরাবাদে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ ঘটলে বাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রেহেনা মারা যান। আহতদের মধ্যে রেহেনার মা ছিদ্দিকা বেগম আক্তার, বড় ভাই সেলিম, ছেলে সানজিদসহ এস এম কাদের, মাসুদ রানা, মাসুদা বেগম, নোমান, সোহাগ, ডেইজি, নজরুল, মাহাবুব, হালিমা ও পারুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কুমিল্লা নোয়াখালী সড়কের সদর দক্ষিণ উপজেলার আলীশ্বরে দুপুর দেড়টার দিকে নোয়াখালী থেকে আসা উপকূল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে একটি সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজির চালক হুমায়ুন (২৫) নিহত হন। এছাড়া, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এক সিএনজি যাত্রী মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আরও চার সিএনজি যাত্রী আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/টিএইচ/এসএনডি/২২২০ ঘ.