২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টুন প্রকাশ নিয়ে যশোরে প্রথম আলোর বিরুদ্ধে মামলা

রম্য সাপ্তাহিক আলপিনে কার্টুন প্রকাশের ঘটনায় যশোরের আমলি আদালতে মঙ্গলবার একটি মামলা হয়েছে। যশোর কালেকটরেট মসজিদের ইমাম এটিএম শোয়েইবের দায়ের করা এ মামলায় প্রথম আলো প্রকাশক মাহফুজ আনাম, সম্পাদক মতিউর রহমান ও কার্টুনিস্ট আরিফুর রহমানকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 01:11 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

যশোর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রম্য সাপ্তাহিক আলপিনে কার্টুন প্রকাশের ঘটনায় যশোরের আমলি আদালতে মঙ্গলবার একটি মামলা হয়েছে। যশোর কালেকটরেট মসজিদের ইমাম এটিএম শোয়েইবের দায়ের করা এ মামলায় প্রথম আলো প্রকাশক মাহফুজ আনাম, সম্পাদক মতিউর রহমান ও কার্টুনিস্ট আরিফুর রহমানকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক জাহিদ হোসেন মামলাটি আমলে নিয়ে প্রথম আলোর প্রকাশক মাহফুজ আনাম, সম্পাদক মতিউর রহমানকে আগামী ৯ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মামলার অপর আসামি আরিফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাদির আইনজীবী আলমগীর সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর রম্য সাপ্তাহিক আলপিনে আপত্তিকর কার্টুন ছেপে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়। এতে বাদি মর্মাহত এবং ব্যাথিত হয়, যা এখনও প্রশমিত হয়নি। যার পরিপ্রেক্ষিতে বাদি আইনের আশ্রয় নিয়েছেন। সমালোচিত ওই কার্টুন প্রকাশের পর আলপিনের প্রকাশনা নিষিদ্ধ করে সরকার। ১৭ সেপ্টেম্বর প্রকাশিত সংখ্যাটিও বাজেয়াপ্ত করা হয়। ওই ঘটনায় প্রথম আলোর সম্পাদক ক্ষমাও প্রার্থনা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১১ ঘ.