২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় মেয়র সরোয়ারের জামিন নাকচ

ট্যারা শাহজাহান হত্যা মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ারের জামিন আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 10:58 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

বরিশাল, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ট্যারা শাহজাহান হত্যা মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ারের জামিন আবেদন নাকচ করেছে আদালত। জেলা দায়রা জজ আদালতে মঙ্গলবার মেয়রের আইনজীবী এনায়েত হোসেন জামিনের আবেদন জানালে বিচারক মো. শহিদউল্লাহ সে আবেদন নামঞ্জুর করেন। ২০০৩ সালে ১৬ সেপ্টেম্বর নগরীর জিয়া সড়কে নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হিসেবে পরিচিত ট্যারা শাহজাহানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর মামলা হলে তার চূড়ান্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাহফুজ আহমদ কারো নাম উল্লেখ না করে বলেন, গণরোষেই শাহজাহানের মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৮ মে মেয়র সরোয়ার গ্রেপ্তার হওয়ার পর ৫ জুন শাহজাহানের স্ত্রী রেনু বেগম ওই হত্যাকাণ্ডের ঘটনায় মেয়র এবং কমিশনার আতিকুর রহমানসহ ২১ জনকে আসামি করে কোতোয়ালি থানায় নতুন করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মীর কাসেম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় এ পর্যন্ত মেয়র ও ওয়ার্ড কমিশনার আতিকসহ ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অভিযোগপত্র অচিরেই দেয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৭ ঘ.