ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিকরা তাদের বাসস্থান, কর্মস্থান বা স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে এবার ভোটার হতে পারবেন।
মঙ্গলবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, "বাসস্থান, কর্মস্থান ও স্থায়ী ঠিকানা- এই তিনটি স্থানের মধ্যে ভোটার যেখানে ভোট দিতে চায় সেখানে তার নাম নিবন্ধন করতে হবে।"
নির্বাচন কমিশনার বলেন, "ছবিসহ ভোটার তালিকা তৈরির চলমান প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ভোটারদের বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র দেবে। তবে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র নিতে চাইলে ৩০ টাকা, ৫০ টাকা বা ৫০০ টাকা ব্যয় করতে হবে। উন্নতমানের ওই জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে। "
জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভোটাররা ২২টি নাগরিক সুবিধা পাবে বলেও জানান নির্বাচন কমিশনার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এসএনডি/এমএ/১৬৪৫ ঘ.
bdnews24