ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রয়াত কবি শামসুর রাহমানের ৭৮তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে মঙ্গলবার।
কবি শামসুর রাহমান ১৯২৯ সালের এ দিনে ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
চল্লিশ দশকের শেষভাগ থেকে কবিতায় তার যাত্রা শুরু হয়। তার কবিতায় বাংলাদেশ, বাংলা ভাষা, ভাষা আন্দোলন, বাঙালি জাতি, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বাংলার রূপ লাবণ্য, মানুষ, নাগরিক জীবন ও প্রকৃতি ফুটে ওঠে। দীর্ঘ ছয় দশক ধরে আধুনিক বাংলা কবিতায় বিচরণ করার পর ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি ঢাকায় মারা যান।
কবির জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। 'শামসুর রাহমান জন্মদিন উদযাপন পরিষদ' দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার সকালে সংগঠনটির উদ্যোগে কবির শ্যামলীর বাসভবনে কেক কেটে কর্মসূচি শুরুর কথা। বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা, নিবেদিত কবিতা পাঠ, কবির কবিতা থেকে আবৃত্তি ও কবিতার গান পরিবেশন করা হবে।
জাতীয় কবিতা পরিষদ বিকেল চারটায় শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আলোচনা সভা ও কবিতাপাঠের আসরের আয়োজন করেছে। সাংস্কৃতিক সংগঠন কাব্যমালাঞ্জলি কাঁটাবনের ভাষা প্রকাশ প্রাঙ্গণে নিবেদিত কবিতাপাঠ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বেলা সাড়ে ১১টায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/১১০০ ঘ.
bdnews24