২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা, ফরিদপুর ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

খুলনা, ফরিদপুর ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এর মধ্যে খুলনায় দুর্ঘটনায় মারা যান তিন ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা, ফরিদপুর ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। এর মধ্যে খুলনায় দুর্ঘটনায় মারা যান তিন ব্যবসায়ী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর খুলনা প্রতিনিধি জানান, খানজাহান আলী সেতুর (রূপসা ব্রীজ) টোল প্লাজার কাছে সোমবার ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে ট্রাক আরোহী তিন কাঁচামাল ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন, মাদারীপুর জেলার মো. গোলাম মওলা (৩৫) ও লাভলু মাতুব্বর (৩৩) এবং ঝিনাইদহ জেলার পরেশ (১৯)। দুর্ঘটনায় মাসুম মোল্লা (৩০) ও আলী আসগার (২৮) নামে দুজন আহত হন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুদ্দিন জানান, খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাক আরোহী তিন ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায় এবং দুই জন গুরুতর আহত হয়। তবে ট্রাকচালক পালিয়ে গেছে বলে ওসি জানান। ফরিদপুর প্রতিনিধি জানান, ভাঙ্গা উপজেলার শুয়াদি এলাকায় ঢাকা-গোপালগঞ্জ সড়কে রোববার রাতে একটি মাইক্রোবাসের চাপায় দুজন নিহত হয়েছেন। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে মহাসড়ক পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, মাইক্রোবাসটি একটি রিকশাভ্যানকে চাপা দিলে ভ্যান আরোহী সাবের মাতব্বর (৫০) ও খালেক নাজির (৫২) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মামলা হলেও মাইক্রোবাসটি সনাক্ত করা যায়নি বলে পুলিশ কর্মকর্তা তরিকুল জানান। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শ্রীনগর উপজেলার ষোলঘর উমপাড়ায় ঢাকা-মাওয়া সড়কে সোমবার দুপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি বাসের সঙ্গে দোহারগামী আরাম পরিবহনের একটি বাসের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান, দুর্ঘটনায় আরাম পরিবহনের চালক আব্দুল জালিল (৪৫) ঘটনাস্থলেই মারা যান। আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। বাস দুটি আটক করা হয়েছে বলে ওসি সাইদুর জানান। তবে ইলিশ পরিবহনের চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১১ ঘ. বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/