মৌলভীবাজার, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলের রাজঘাট এলাকার চা শ্রমিক পল্লীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ডায়রিয়ায় ছয় জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র অবশ্য তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাখন লাল কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডায়রিয়ায় মোট ছয় জন শ্রমিক মারা গেছেন। তারা হলেন, নীলাম্বর তাতি(৪৬), ধীরেন তাতি(২০), ময়না তাতি(৪৬), শুকলাল উড়িয়া(৪৫), চামুনি হাড়িয়া(২২) ও খাসিয়া হাড়িয়া(৬০)।
এর মধ্যে নীলাম্বর তাতি ছাড়া অন্যরা কোনো চিকিৎসা কেন্দ্রে যাননি বলে ইউপি চেয়ারম্যান জানান।
তিনি আরো জানান, চা বাগানগুলোর শতাধিক শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২৩ জন, রাজঘাট চা বাগান চিকিৎসা কেন্দ্রে ছয় জন এবং সিন্দুরখান চা বাগান চিকিৎসা কেন্দ্রে তিন জন ডায়রিয়া রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডায়রিয়ার প্রকোপের বিষয়ে যোগাযোগ করা হলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক নজিবুস শহীদ রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত দুই দিনে ডায়রিয়া আক্রান্ত ২৩ জনকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।
ডা. নজিবুস শহীদ বলেন, "স্বাস্থ্য সচেতনতা না থাকায় চা শ্রমিকদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। তারা বিশুদ্ধ পানি পানের বিষয়টিকে গুরুত্ব দেন না। তাছাড়া আক্রান্ত হলেও চিকিৎসা নিতে দেরি করেন।"
স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক হরিপদ রায় বলেন, "ডায়রিয়ায় তিন জন চা শ্রমিককের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরো মৃত্যুর বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।"
জেলা সিভিল সার্জন ডা. মো. আফাজ উদ্দিন ও শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম রোববার উপদ্রুত এলাকা পরিদর্শন করেন বলে হরিপদ রায় জানান।
তিনি আরো জানান, রাজঘাট এলাকায় চা শ্রমিকপল্লীতে রোববার থেকে তিনটি মেডিকেল টিম কাজ করছে। সেখানে বিতরণের জন্য তিন হাজার ব্যাগ খাবার স্যালাইন ও ১৬ হাজার পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বরাদ্দ দেয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৯ ঘ.
bdnews24