২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধে বলা আদালত অবমাননা: ব্যারিস্টার আমীর

বিচার বিভাগ পৃথক করার বিষয়ে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেছেন, সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধে মত দেওয়ার কোনো অধিকার তাদের নেই। এটা শুধু আদালত অবমাননা নয়, সংবিধানেরও অবমাননা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 06:26 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিচার বিভাগ পৃথক করার বিষয়ে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেছেন, সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধে মত দেওয়ার কোনো অধিকার তাদের নেই। এটা শুধু আদালত অবমাননা নয়, সংবিধানেরও অবমাননা। রোববার বিকেলে ব্যরিস্টার আমীর ইস্কাটনের তার চেম্বারে সাংবাদিকদের বলেন, "সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগের কর্মকর্তাদের পবিত্র দায়িত্ব সুপ্রিমকোর্টের আদেশ পালন ও তা বাস্তবায়ন করা। তারা এ দাবি কেন তুলেছেন তা আমার বোধগম্য নয়।" একই দিন বাংলাদেশ প্রশাসনিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান (বিয়াম) ফাউন্ডেশনের উদ্যোগে বিয়াম মিলনায়তনে এক সেমিনারে প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা বিচার বিভাগ পৃথককরণ কার্যকর হওয়ার তারিখ ১ নভেম্বর থেকে পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তারা নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা সুনির্দিষ্ট এবং বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে বৈষম্য দূর করারও দাবি জানান। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার আমীর বিচার বিভাগের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করা এবং নির্বাহী বিভাগের মুখোমুখি করা দেশের জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, "প্রশাসিনক কর্মকর্তারা শুধু বিতর্ক করার জন্য বিতর্ক করছেন। জনগণই যে ক্ষমতার মালিক সেটা তাদের আচরণে বোঝা যাচ্ছে না।" ১৯৯৯ সালে মাযদার হোসেন মামলার রায়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারকে ১২ দফা নির্দেশনা দেন। এ মামলায় বাদীপক্ষের প্রধান আইনজীবী ছিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। সুপ্রিম কোর্টের ওই রায়ের পর আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য ২৭ বার সময় নিলেও তা কার্যকর করেনি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর ১৬ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে বিচার বিভাগ আলাদা করার প্রক্রিয়া শুরু করে। বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে গত ২৭ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর পৃথককরণ কার্যকরের জন্য সরকারকে পরামর্শ দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএসবি/এমএইচবি/০০১৮ ঘ.