চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ সোমবার শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন। এটা শেষ হলেই শুরু হবে ছবি তোলার কাজ।
এ সংক্রান্ত সব প্রস্তুতি জেলা নির্বাচন কার্যালয় চূড়ান্ত করেছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।
তিনি জানান, সোমবার শুরু হয়ে ৪ নভেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। ৫ নভেম্বর থেকে ছবি তোলার কাজ শুরু হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, সিটি কর্পোরেশনে তথ্য সংগ্রহের জন্য ৪৭০০ জন তথ্য সংগ্রহকারী এবং ৯০০ জন সুপারভাইজার ও ৫০ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। জেলা নির্বাচন কার্যালয়ের তত্ত্বাবধানে এক জন নিবন্ধন কর্মকর্তা বিষয়গুলো তদারকি করবেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ইতিমধ্যে ছবি তোলা ও নিবন্ধনের জন্য ৩০০ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর পরীক্ষার মাধ্যমে আরো ৭০০ অপারেটর নিয়োগ দেয়া হবে।
নতুন নিয়মে তথ্য সংগ্রহের জন্য সংগ্রহকারী ও সুপাইরভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম এ মাসের দ্বিতীয় সপ্তাহে শেষ হয়। নগরীর বিভিন্ন সরকারি ও রেসরকারি স্কুল এবং মাদ্রাসার শিক্ষকদের তথ্য সংগ্রহকারী হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
তথ্য সংগ্রহের কাজ শুরুর আগে গত কয়েকদিন ধরে নগরীতে মাইকিং হচ্ছে। তথ্য সংগ্রহের প্রথম দিন চারটি বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত এই গ্র"প নগরীতে শোভাযাত্রা বের করবে।
সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকা কাজ শুরুর আগে চট্টগ্রামের রাউজান ও সীতাকুণ্ড উপজেলায় ভোটার তালিকার জন্য ছবি তোলা ও জাতীয় পরিচয়পত্র দেয়ার কাজ শেষ হয়েছে।
বাকি উপজেলাগুলোয় ভোটার তালিকার কাজ ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে ২০০৮ সালের মে মাস পর্যন্ত চলবে বলে নির্বাচন কার্যালয় জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৬৩৪ ঘ.
bdnews24