নারায়ণগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আড়াইহাজার উপজেলায় শনিবার ভোররাতে টর্নেডোতে দুটি গ্রামের ৭০টি ঘর ও ৭টি দোকান বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে ১১ জন। টর্নেডোতে শতাধিক গাছপালা উপড়ে গেছে।
সদাসদি ইউনিয়নের মোল্লারচর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মিসির আলী (৫৫) জানান, ভোররাতের দিকে আকস্মিকভাবে আঘাত হানে টর্নেডো। কয়েক মিনিটের ঝড়ে মোল্লারচর পূর্বপাড়া ও পশ্চিমপাড়া গ্রাম দুটি লণ্ডভণ্ড হয়ে যায়। লাকী ডাইং অ্যান্ড প্রসেসিং নামের একটি পাওয়ার লুম কারখানার ১৮২ ফুট লম্বা দেওয়াল ধসে পড়ে এবং মোল্লারচর বাজারের ৭টি দোকান ঘর বিধ্বস্ত হয়।
ঝড়ে গাছ ও ঘর চাপা পড়ে আহত হন কমপক্ষে ১১ জন। আহতদের মধ্যে ইব্রাহীম (৪০), জমির (৪০), মারফত (৫৫) ও হামিদাকে (৩০) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গৃহহীন ৭০টি পরিবার রেললাইনে আশ্রয় নিয়েছে বলে মিসির আলী জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তপন কুমার সাহা জানান, তিনি ক্ষতিগ্রস্ত গ্রাম দুটি ঘুরে দেখেছেন। ক্ষয়ক্ষতির একটি তালিকা করার কথাও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২৩০ ঘ.
bdnews24