২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ইইউ প্রতিনিধি দলের চিংড়ি খামার পরিদর্শন

ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল শনিবার বাগেরহাটের রামপালে চিংড়ি খামার ও চাষীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন। পরে তারা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

বাগেরহাট, ২০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল শনিবার বাগেরহাটের রামপালে চিংড়ি খামার ও চাষীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন। পরে তারা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণ করেন। চিংড়ি উৎপাদন থেকে শুরু করে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ার বর্তমান অবস্থা সরেজমিনে দেখার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর ফুড এন্ড ভেটেরিনারী মিশনের এ প্রতিনিধি দলটি চারদিনের সফরে এখন খুলনা রয়েছেন। প্রতিনিধি দলে আছেন ইউরোপীয় ইউনিয়নের একটি রাসায়নিক পরীক্ষাগারের পরিচালক ড. জন ম্যাকবয় ও মান পরিদর্শক (কোয়ালিটি ইন্সপেক্টর) রাজ প্যাটেল। শনিবার সকালে প্রতিনিধি দলটি খুলনা থেকে সুন্দরবন যাওয়ার জন্য বাগেরহাটের মংলায় আসেন। পথে তারা রামপালের রনসেন এলাকায় আক্তারুজ্জামান নামে একজন চিংড়ি খামারীর তিনটি গলদা ও বাগদা চিংড়ি খামার পরিদর্শন করেন। তারা খামারে মাছ ধরা দেখেন এবং চাষ পদ্ধতিসহ রোগ প্রতিরোধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। পরে তারা রামপালের ভাগা মহিলা কলেজে স্থানীয় চাষীদের জন্য মৎস্য বিভাগ আয়োজিত 'চিংড়ির গুণগত মান নিয়ন্ত্রণ' বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম দেখেন। মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মহিউদ্দিন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো: ইমরান, মৎস্য বিভাগের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো: রফিক, খুলনা বিভাগীয় উপপরিচালক (মৎস্য) জয়দেব কুমার বিশ্বাস, পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগের (মৎস্য) খুলনা বিভাগীয় উপপরিচালক আনিসুর রহমান ভুইঞা, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. নিত্যানন্দ দাস, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শংকর হালদার প্রমুখ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন। সুন্দরবন পূর্ব বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা গাজী মতিউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি বেলা সাড়ে ১১ টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের নিজস্ব নৌযান বনকন্যায় হারবারিয়া এলাকায় যান। প্রতিনিধি দলটি তাদের সফরসূচিতে কিছুটা পরিবর্তন করে শনিবার সাতক্ষীরার পরিবর্তে বাগেরহাটে যান। মৎস্য অধিদপ্তরের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার প্রতিনিধি দলটির বাগেরহাট সদরের রাধাবল্লভ গ্রামে মৎস্য বিভাগের প্রদর্শনী খামার ও ব্র্যাকের হ্যাচারি এবং ফকিরহাট উপজেলার ফলতিতায় মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়া তারা কয়েকটি চিংড়ি ডিপো ও যে কোন একটি প্রক্রিয়াকরণ কারখানা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. নিত্যানন্দ দাস। চিংড়ির গুণগত মান অর্থাৎ চিংড়ি চাষ ব্যবস্থা, চিংড়ি সংগ্রহ, পরিবহন ও প্রক্রিয়াকরণসহ বাংলাদেশের চিংড়ি শিল্পের মান সংশ্লিষ্ট বিভিন্ন দিক পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি দলটি গত ১৯ অক্টোবর খুলনায় আসে। চার দিনের সফরকালে প্রতিনিধিরা বাগেরহাট ছাড়াও খুলনা, সাতক্ষীরা ও যশোর এলাকায় যাওয়ার কথা রয়েছে। ২০০৫ সালের ৮ থেকে ১১ নভেম্বর স্টিফেন হোনিকের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল খুলনা-বাগেরহাট অঞ্চল পরিদর্শন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.