ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আবারও বেসরকারিখাতে আটটি বিদ্যুৎ কেন্দ্র (রেন্টাল) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এ ব্যাপারে দরপত্রও ডেকেছে পাওয়ার সেল। স্বল্প ক্ষমতার কেন্দ্রগুলো উৎপাদন শুরু করলে জাতীয় গ্রীডে যোগ হবে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ।
পাওয়া সেলের মহাপরিচালক আবদুল জলিল শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটটি স্থানে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য দরপত্র ডাকা হয়েছে। ২৫ অক্টোবর দরপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনীত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তিন বছরের চুৃক্তি করবে সরকার।"
এর আগে যেসব প্রতিষ্ঠান এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে আগ্রহ দেখিয়ে আবেদন করেছিল এমন ১৭টি প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে এখনও কোনও দরপত্র জমা পড়েনি।
পাওয়ার সেলের কর্মকর্তারা জানান, গ্যাসের সহজলভ্যতা ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করার সুবিধার বিষয়টি বিবেচনা করে আটটি স্থানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সিলেট, ফেঞ্চুগঞ্জ, শাহজীবাজার, আশুগঞ্জ, ভোলা, খুলনা, ভেড়ামারা ও বগুড়ায় এসব কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ভেড়ামারা ও খুলনায় বসবে ডিজেল চালিত প্ল্যান্ট। বাকিগুলো চলবে গ্যাসে। এই ৮টি কেন্দ্র থেকে মোট ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
রেন্টাল পাওয়ার স্টেশন হিসাবে পরিচিত এসব বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি বরাদ্দ দেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সরকার সহজ শর্তে প্রতিষ্ঠানগুলোকে গ্যাস সরবরাহ করবে। সুবিধা অনুযায়ী বার্জ, স্কিড বা টেইলর মাউন্টেড পদ্ধতিতে বহণযোগ্য এসব কেন্দ্র স্থাপন করা হবে।
বিগত জোট সরকারের আমলে প্রথমবারের মতো রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য দরপত্র আহ্বান ও চুক্তি স্বাক্ষর হলেও শেষ পর্যন্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হয়নি। দরপত্র খোলার পর সরকার দরদাতাদের কিছু শর্ত মানতে অপারগ হলে প্রকল্পের কার্যক্রম থেমে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএ/২০১০ ঘ.
bdnews24