গাজীপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাজীপুর শহরে লেভেল ক্রসিং পার হওয়ার সময় শুক্রবার একটি ট্যাক্সি ক্যাব রেললাইনে আটকে গেলে ট্রেনের ধাক্কায় ক্যাব আরোহী এক স্কুল ছাত্র আহত হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুর পৌনে বারোটার দিকে গাজীপুর রেলওয়ে জংশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের বাঁশকল এড়িয়ে রেল লাইন পার হওয়ার সময় চার আরোহী নিয়ে একটি ট্যাক্সি ক্যাব লাইনে আটকে যায়। এ সময় ঢাকা থেকে সরিষাবাড়িগামী অগ্নিবীণা এক্সপ্রেস ওই লাইন দিয়ে আসছিল। ট্রেন আসতে দেখে চালকসহ ক্যাবের যাত্রী ক্যাবের যাত্রী হাবিবুর রহমান তার স্ত্রী ও মেয়ে লাফিয়ে গাড়ি থেকে নেমে যায়। কিন্তু হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান প্রাঙ্গণ (১৪) স্কুল ব্যাগের সঙ্গে জড়িয়ে গাড়ির ভেতরে আটকা পড়ে। ট্রেনটি ক্যাব ও প্রাঙ্গনকে হেঁচড়ে পাঁচশ গজ দূরে গিয়ে থেমে যায়। পরে প্রাঙ্গণকে গুরুতর আহত অবস্থায় ক্যাব থেকে উদ্ধার করা হয়।
মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র প্রাঙ্গণকে পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবা হাবিবুর রহমান গাজীপুর জেলা প্রশাসনে কাজ করেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুর থেকে ঢাকা যাচ্ছিলেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, শহরের ব্যস্ততম এলাকায় ওই লেভেল ক্রসিংয়ে প্রায় প্রতিদিনই যানজট হয়। এ জন্য গাড়ি ও রিকশা চালকদের মধ্যে লেভেল ক্রসিংয়ের রং সাইড দিয়ে যাতায়াতের প্রবণতা বেশি।
দুর্ঘটনার শিকার ট্যাক্সি ক্যাবটির চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১৫৯ ঘ.
bdnews24