গাইবান্ধা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার গিদারি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল মিয়াকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
অবৈধভাবে সার ও বীজ মজুদ করার অভিযোগে গিদারি ইউনিয়নে নিজ বাড়ি থেকে ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইফতেখার হোসেন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বরাদ্দ করা দেড় হাজার টাকা মূল্যের ইউরিয়া সার ও ৩০০ টাকা মূল্যের সবজি বীজ বাজারে বিক্রি এবং সার ও বীজ অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে জয়নাল মিয়াকে তিনি (ইউএনও) হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশে তুলে দেন।
জয়নাল মিয়া অপরাধের কথা স্বীকার করেছে উল্লেখ করে ইউএনও জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২২ ঘ.
bdnews24