মইনুদ্দীন নাসের ও মনজুরুল ইসলাম
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, সেনাসমর্থিত বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নড়বড়ে নয় বরং জনগণ এ সরকারের কার্যক্রমে খুশি। নিউ ইয়র্কের স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন, "আপনারা সরকারকে কেন নড়বড়ে বলছেন? আপনারা কি বাংলাদেশে থাকেন? সরকার নড়বড়ে নয়, বরং দেশের মানুষ সরকারের কাজে সন্তুষ্ট।"
মইন উ আহমেদ বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তরে স্থানীয় সাংবাদিক ও ঢাকা থেকে আসা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন মইনুদ্দীন নাসের ও মনজুরুল ইসলাম।
নিউ ইয়র্কে সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ অভিযোগ করেন, লন্ডনে তার দেয়া বক্তব্য সংবাদ মাধ্যমে ভুলভাবে উদ্ধৃত হয়েছে।
তার দাবি, তিনি বলেননি তিনি কখনোই দেশের রাষ্ট্রপতি হতে চান না। তিনি জানান, ওই দিন তিনি বলেছেন, "এ সবের মধ্যে জড়ানোর ইচ্ছে আমার নেই।"
দেশের ত্রাণকর্তা, সরকারের পেছনের চালিকা শক্তি বা সে ধরনের কোনো ভূমিকা তিনি পালন করছেন কী-না জানতে চাইলে মইন বলেন, "আমি সরকারের কিছুই নই।"
সেনা প্রধান বলেন, "১১ জানুয়ারির পর যদি সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের ইচ্ছা থাকতো তাহলে সহজেই তা করা যেত। কিন্তু আমরা তা করিনি, বরং আমরা তত্ত্বাবধায়ক সরকারকে দেশ চালনায় সাহায্য করেছি।"
দুই নেত্রীর বিষয়ে তিনি বলেন, "তাদের (হাসিনা ও খালেদা) প্রতি আমাদের কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই। সে রকম হলে আমরা সহজেই সামরিক আদালতের মাধ্যমে তাদের বিচার করতে পারতাম। কিন্তু আমরা তা চাইনি। আমরা চেয়েছি ন্যায়বিচার নিশ্চিত করতে।"
প্রস্তাবিত ট্রুথ কমিশনের বিষয়টি এখনো বিবেচনায় রয়েছে বলে সেনা প্রধান জানান।
তিনি আরো জানান, নিউ ইয়র্কে বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনার বিষয় নিয়ে ইতোমধ্যেই বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে জেনারেল মইনের সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান ও কনসাল জেনারেল শামসুল হক।
সেনা প্রধান বুধবার লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার বক্তৃতা দেয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/টিএইচ/এমআই/এমএ/১৩৫৪ ঘ.
bdnews24