ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দেবী দুর্গা এসে গেছেন পিতৃগৃহে। ষষ্ঠীতিথিতে মন্ডপে আনুষ্ঠানিক অধিষ্ঠানের পর বৃহস্পতিবার সপ্তমী তিথিতে চলছে প্রণাম আর আপ্যায়নের পর্ব।
দেবীকে সন্তুষ্ট করতে নানা ধরণের আনুষ্ঠানিকতার আয়োজন নিয়ে ব্যস্ত পুণ্যার্থীরা। পাশাপাশি চলছে আত্মীয় স্বজন, প্রতিবেশী আর বন্ধুদের আপ্যায়নের মধ্য দিয়ে উৎসব উদযাপন।
শারদীয় দুর্গা পূজার দ্বিতীয় দিন মহাসপ্তমীতে বৃহস্পতিবার পূজার মাধ্যমে মন্দিরে প্রবেশ করেন দেবী দুর্গা। দেবীর মন্দিরে প্রবেশের সময় ঢাকের বোল, ঘণ্টা ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। বৃহস্পতিবার রাত ৯টা ৮ মিনিট ১৮ সেকেণ্ড পর্যন্ত সপ্তমী তিথি। এরপর অষ্টমী তিথির শুরু।
রাজধানী ঢাকায় দুর্গা পূজার সবচেয়ে বড় আয়োজন কেন্দ্রীয় পূজা মণ্ডপ ঢাকেশ^রী জাতীয় মন্দিরে। সকাল থেকেই সেখানে ভিড় করেন ভক্তরা। দেবী দর্শন ও পূণ্যার্জনের আকাঙ্খায় সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন পূণ্যার্থীরা। তেমন একজন পূণ্যার্থী হরেন্দ্র চন্দ্র শিকদার। পুরোহিতের হাত থেকে পবিত্র জল 'চন্দ্রাবেত' পান ও দেবী দর্শন করে আনন্দে উদ্ভাসিত তার মুখ।
অনুভূতি জানাতে গিয়ে হরেন্দ্র বলেন, "এটা দেবীর আশীর্বাদপুষ্ট জল। দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য আমরা তার কাছে প্রার্থনা করি।"
দেবী দর্শনের জন্য বৃষ্টি উপেক্ষা করে মন্ডপে এসেছেন আরো অনেকেই। তাদের একজন সপরিবারে আসা সুবল কৃষ্ণ। সুবল জানান, তিনি গত ২০ বছর থেকে দুর্গাপূজায় নিয়মিত এখানে আসেন। "এটা আমাকে প্রশান্তি দেয়"-বললেন ভক্ত সুবল।
কাকা ও ছোট বোনের সঙ্গে দেবীদর্শনে এসেছেন লাবণ্য চৌধুরী। দেবীর দর্শনে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, "দুর্গা পূজার সময়টি আমি খুবই উপভোগ করি। দেবীর প্রতিমা ও সৌন্দর্য্য দেখতে আমার খুবই ভালো লাগে।"
দর্শনার্থী শহিদুল ইসলাম বলেন, "পূজোর উৎসব মুখর পরিবেশটা খুব ভালো লাগে।"
ঢাকেশ্বরী মন্দির ছাড়াও রামকৃষ্ণ মিশন, ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হল,ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির,আনন্দময়ী আশ্রম,স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দিরে চলছে পূজা। রোববার দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
তুলনামূলকভাবে বেশি হিন্দু ধর্মাবলম্বী অধ্যুষিত পুরনো ঢাকার অলিগলিতেই দুর্গোৎসবের আমেজ চোখে পড়ে বেশি। পুজো মন্ডপ ছাড়াও আশেপাশের সড়ক, ও অলি-গলিতে করা হয়েছে আকর্ষণীয় আলোকসজ্জা।
অভয়নগর দাস লেনের ভোলানন্দগিরি আশ্রম, বরদেশ্বরী কালীমন্দির, রাধিকা বসাক লেন মঠ, শাঁখারিবাজার, টিকাটুলির প্রণব মঠ, সূত্রাপুরের ঋষিপাড়া গৌতম মন্দির, সিদ্ধেশ্বরী কালীবাড়ী, বাংলাবাজার, তাঁতীবাজার, জয়কালী রোডের রামসীতা মন্দির, বনগ্রাম তরুণ সংসদসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে আয়োজন হয়েছে পুজার।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গণসংযোগ সম্পাদক নির্মল চ্যাটার্জী জানান, সারাদেশে এ বছর প্রায় ২১ হাজার ৬'শ ৪৯টি মণ্ডপে পূজা হবে যা গত বছরের চেয়ে ১'শ ৩৪ টি বেশি। রাজধানী ঢাকার ২১টি এলাকায় পূজা মণ্ডপ হয়েছে ১৬২টি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএইচএস/এসকে/১৯০৪ঘ.
bdnews24