চুয়াডাঙ্গা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার নেহালপুর এলাকায় বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন।
পূজা মণ্ডপে দায়িত্ব পালনে একটি মোটর সাইকেলে চড়ে যাওয়ার পথে পুলিশ সদস্যরা দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
দুর্ঘটনায় মারা যান কনস্টেবল শাহাদাত হোসেন (৩০)। আহতরা হলেন, সহকারী উপ-পরিদর্শক শফিকুর রহমান (৪০) ও কনস্টেবল রাব্বি হোসেন (৩২)।
ওসি রবিউল জানান, সদর উপজেলার হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা শফিকুর রহমান পূজা মণ্ডপ পরিদর্শনে দুই সহকর্মীকে নিয়ে মোটর সাইকেলে চড়ে বের হন। রাত ১০টার দিকে নেহালপুর এলাকায় একটি শেয়ালের সঙ্গে ধাক্কা লেগে তাদের মোটর সাইকেলটি উল্টে যায়। এতে তিন জনই আহত হন। স্থানীয় লোকজন তাদের সদর হাসপাতালে নিয়ে আসে।
গুরুতর আহত শাহাদাতকে রাতেই রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে ওসি রবিউল জানান। বাকি দুজন চুয়াডাঙ্গা হাসপাতালেই রয়েছেন।
নিহত শাহাদাত হোসেনের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর খুলজী গ্রামে। তার বাবার নাম আবদুল হক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০২ ঘ.
bdnews24