২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর আরো কয়েকটি রাস্তায় রিকশা চলাচলে নিয়ন্ত্রণ আসছে

বৃহস্পতিবার থেকে রাজধানীর কয়েকটি রাস্তায় রিকশা চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। এছাড়া পুরানো বাস চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে বুধবার রাজধানীর ট্রাফিক ব্যবস্থা বিষয়ক এক বৈঠকে এ সব সিদ্ধান্ত হয়। পুলিশ কমিশনার নাইম আহমেদের সভাপতিত্বে এতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি অপরাধ বিভাগের কর্মকর্তারা ঊপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা,অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --বৃহস্পতিবার থেকে রাজধানীর কয়েকটি রাস্তায় রিকশা চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। এছাড়া পুরানো বাস চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে বুধবার রাজধানীর ট্রাফিক ব্যবস্থা বিষয়ক এক বৈঠকে এ সব সিদ্ধান্ত হয়। পুলিশ কমিশনার নাইম আহমেদের সভাপতিত্বে এতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি অপরাধ বিভাগের কর্মকর্তারা ঊপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ( ট্রাফিক) মো: জসিম উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে বঙ্গভবনসহ মতিঝিল এলাকার আশেপাশে কয়েকটি রাস্তায় রিকশার জন্য আলাদা লেন তৈরি এবং কয়েকটি রাস্তা পুরোপুরি রিকশামুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মতিঝিল থেকে যাত্রাবাড়ী শানার পাড় পর্যন্ত পৃথক লেন তৈরি করে ধীরগতির যান রিকশা চলাচল নিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ভিআইপি সড়কসহ কয়েকটি সড়কে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রিকশা চলাচল নিষিদ্ধ আছে। যুগ্ম কমিশনার জসিম উদ্দিন জানান, এই সময়সীমা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রিকশা চলাচল বন্ধ এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে এ সিদ্ধান্তগুলো বৃহস্পতিবার থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা হবে পরীক্ষামূলক। অবস্থা দেখে কিছু সংশোধন করার প্রয়োজন দেখা দিলে তা করে এটি চুড়ান্তভাবে কার্যকর করা হবে। সিগন্যাল বাতি না মানার প্রবণতাটিকে গুরুত্ব দিয়ে আইন অমান্যকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর ১৩টি পয়েন্টে সিগন্যাল বাতি নষ্ট আছে জানিয়ে কমিশনার বলেন, এগুলো ঠিক করার জন্য সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ২০০৩ সাল থেকে রাজধানীতে দুই স্ট্রোক ইঞ্জিনচালিত যান এবং ২০ বছরের বেশি পুরনো বাস চলাচল নিষিদ্ধ। বৈঠকে এ বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে কমিশনার জানান, রাজধানীতে এখনো কিছু পুরনো বাস রং করে চলাচল করছে যা পরিবেশের জন্য ক্ষতিকর। এদের বিরুদ্ধে চলমান অভিযানের পাশাপাশি পার্কিং এবং হর্নের ব্যাপারে যে নিষেধাজ্ঞা আছে বৃহস্পতিবার থেকে তা জোরালোভাবে কার্যকর করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জসিম উদ্দিন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১৪৪ঘ.